গৌরনদীতে প্রতিমা ভাঙচুরের অভিযোগ

আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ২২:০৭

বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের দক্ষিণ সাকোকাঠী গ্রামে শুক্রবার রাতে নিতাই দাসের বাড়ির কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর করে খালে ফেলে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। খবর পেয়ে শনিবার সকালে উপজেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় নিতাই দাস বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মামলা করেছেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার রাতে নিতাই দাস এগারোটার দিকে মন্দিরের বাতি নিভিয়ে ঘুমাতে যান। সকালে নিতাই দাসের স্ত্রী কল্পনা রানি দাস পূজা দিতে গেলে খালের মধ্যে ভাঙচুর করা প্রতিমা পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

মামলার সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার জানান, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।