ডেঙ্গু চিকিত্সায় ভর্তুকি ও বিনামূল্যে জ্বর পরীক্ষার দাবি বিএনপির

আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ২৩:৫৯

ডেঙ্গু রোগীদের বিনামূল্যে চিকিত্সার জন্য সরকারি ও বেসরকারি হাসপাতালে প্রয়োজনীয় ভর্তুকি প্রদানের দাবি জানিয়েছে বিএনপি। শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা প্রস্তাব রাখছি সরকার ডেঙ্গু চিকিত্সায় প্রয়োজনীয় ভর্তুকি দেবে এবং জনগণের জন্য বিনামূল্যে ডেঙ্গু জ্বর পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করবে। তিনি এক্ষেত্রে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ব্যবহারের সুপারিশ করেন। ফখরুল বলেন, সরকারের উচিত হবে এ বিষয়ে আরো ফান্ড যোগাড় করে বিনামূল্যে ডেঙ্গু রোগীদের চিকিত্সার ব্যবস্থা করা। ডেঙ্গু রোগীর ব্যাপকতার কারণে হাসপাতালগুলোতে স্থান সংকুলান না হওয়ায় মহানগরীর কমিউনিটি সেন্টারগুলোকে চিকিত্সার কাজে ব্যবহারের দাবিও জানান বিএনপি মহাসচিব।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, জমিরউদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু। সভাপতিত্ব করেন লন্ডন থেকে স্কাইপিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

‘প্যারোলে মুক্তির সংবাদ সঠিক নয়’

কয়েকটি গণমাধ্যমে খালেদা জিয়া প্যারোলে মুক্তি নিয়ে সৌদি আরব যাচ্ছেন- এমন সংবাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপি মহাসচিব বলেন, আমি এ সম্পর্কে কিছুই বলতে পারবো না, এ সম্পর্কে আমি কিছুই জানি না। আসলে প্যারোলের ব্যাপারে আমরা এখন পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করিনি। বিএনপি মহাসচিব জানান, ঈদের পর খালেদা জিয়ার মুক্তি আন্দোলন আরো বেগবান করার জন্য বিভাগীয় সমাবেশগুলো দ্রুত শুরু করা হবে। কেন্দ্রীয় ত্রাণ কমিটির নেতৃত্বে ড্যাব বন্যা দুর্গত এলাকায় ওষুধপত্র বিতরণ করবে ও চিকিত্সা সেবা দেবে বলে জানান তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, বিএনপির কেন্দ্রীয় অফিসে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের সহযোগিতায় বিশেষজ্ঞ চিকিত্সা কেন্দ্র স্থাপন করা হবে। সেখান থেকে অনলাইনে ডেঙ্গু রোগীদেরকে বিশেষজ্ঞ ডাক্তাররা পরামর্শ দেবেন।