পিএসএলের নিলামে বাংলাদেশের আধিপত্য

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৫৫

পিএসএলের এবারের আসরটি শুধু বড় হতে যাচ্ছে না, ইতিহাসও বদলাতে চলেছে। দলসংখ্যা বেড়েছে। ম্যাচসংখ্যা বাড়ছে। আর সবচেয়ে বড় পরিবর্তন এসেছে দল গঠনের প্রক্রিয়ায়। প্রতিযোগিতার শুরু থেকে যে লিগ ড্রাফট পদ্ধতিতে দল সাজাত, সেই পিএসএল এবার প্রথমবারের মতো যাচ্ছে নিলাম ব্যবস্থায়।

এই নিলাম বসবে আগামী ১১ ফেব্রুয়ারি। সেই নিলামের আগেই বাংলাদেশি ক্রিকেটারদের উপস্থিতি পিএসএল ইতিহাসে নতুন মাত্রা যোগ করেছে। নিলামের জন্য পিসিবি নিবন্ধিত খেলোয়াড়দের যে তালিকা প্রকাশ করেছে, সেখানে দেশি ও বিদেশি মিলিয়ে নাম জমা দিয়েছেন মোট ৮৭৯ জন ক্রিকেটার। এর মধ্যে বাংলাদেশ থেকেই আছেন ৫০ জন। একটি দেশের জন্য এটি রেকর্ড অংশগ্রহণ। 

May be an image of lighting and text that says "HBL HBL PSL PSL ΑΔCTAM HBL BLPSLTEAMS PSL TEAMS AUCTION2026 2026"

সর্বোচ্চ ভিত্তিমূল্য ৪ কোটি ২০ লাখ পাকিস্তানি রুপির ক্যাটাগরিতে মোট ৩১ জন ক্রিকেটার নাম দিয়েছেন। এই সর্বোচ্চ ক্যাটাগরিতে বাংলাদেশের কোনো ক্রিকেটার নেই। বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি ২০ লাখ পাকিস্তানি রুপি। এই ক্যাটাগরিতে আছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও জাকির হাসান। বাংলাদেশি মুদ্রায় এই অঙ্কটি প্রায় ৯৬ লাখ টাকার কাছাকাছি। অভিজ্ঞতা, ব্র্যান্ড ভ্যালু এবং আন্তর্জাতিক পারফরম্যান্সের সমন্বয়েই এই ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন তারা।

১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপির ভিত্তিমূল্যে নাম দিয়েছেন ২২ জন বাংলাদেশি ক্রিকেটার। এই তালিকায় আছেন লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, হাসান মাহমুদ, নাহিদ রানা, পারভেজ হোসেন ইমনসহ বর্তমান জাতীয় দলের নিয়মিত ও উঠতি শক্তির প্রতিনিধিরা। 

বাকি ২৫ জন বাংলাদেশি ক্রিকেটারের ভিত্তিমূল্য নির্ধারিত হয়েছে ৬০ লাখ পাকিস্তানি রুপি। এই তালিকায় আছেন আফিফ হোসেন, সৌম্য সরকার, সাব্বির রহমান, আকবর আলী, নাঈম শেখ, আলিস আল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদী, শামীম পাটোয়ারি, তানজিম হাসান সাকিবসহ ঘরোয়া ক্রিকেটে পরিচিত অনেক নাম। অভিজ্ঞতা ও সম্ভাবনার মিশেলে এই ক্যাটাগরিতে দলগুলো চোখ রাখবে বলেই ধারণা।

একমাত্র বাংলাদেশি হিসেবে মোস্তাফিজুর রহমানকে নিলামের মধ্য দিয়ে যেতে হচ্ছে না। বাঁহাতি এই পেসারকে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে লাহোর কালান্দার্স।

ইত্তেফাক/জেডএইচ