নির্ধারিত সময়ের পরও প্রচারণা, বিএনপি নেতাকে জরিমানা

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:০৯

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে আব্দুল মমিন নামের বিএনপির এক নেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ঝাঐল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকায় এ জরিমানা করা হয়। আব্দুল মমিন ওই ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি।

বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাচনী আচরণবিধিমালার নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, নির্বাচনী বিধিমালা অনুযায়ী ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে সব ধরনের নির্বাচনী প্রচার বন্ধ রাখার বিধান রয়েছে। সে অনুযায়ী মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে সব ধরনের নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ ছিল। কিন্তু নির্ধারিত সময়সীমা অতিক্রম হওয়ার পরও ওই নেতা প্রায় অর্ধশত নারীকে দিয়ে প্রচারণা চালান।

তিনি আরও জানান, খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে নারীদের সঙ্গে কথা বলে। তারা আব্দুল মমিনের নির্দেশে প্রচারণায় অংশ নেওয়ার কথা জানান। পরে নির্বাচন আচরণবিধির ১৮ ধারা লঙ্ঘনের দায়ে বিধিমালার ২৭(গ) ধারা অনুযায়ী আব্দুল মমিনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

ইত্তেফাক/এএইচপি