সুন্দরবনে ৪০০ কেজি পারশে মাছের পোনাসহ দুটি ট্রলার জব্দ, আটক ২৫

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২২

পূর্ব সুন্দরবনে অবৈধভাবে পারশে মাছের পোনা আহরণ ও পাচারের অভিযোগে বনরক্ষীরা দুটি ট্রলারসহ ২৫ জন জেলেকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৪০০ কেজি পারশে মাছের পোনা জব্দ করা হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বন বিভাগের বগী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা ফরেস্টার দিলীপ মজুমদারের নেতৃত্বে বনরক্ষীরা সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বলেশ্বর নদীতে নিয়মিত টহল পরিচালনা করে। টহলকালে সুন্দরবন থেকে ফিরে আসা একটি ট্রলার সন্দেহজনকভাবে আটক করা হয়। পরে ট্রলারটি তল্লাশি করে দেড়শ কেজি পারশে মাছের পোনা জব্দ করা হয়।

এ সময় ট্রলারে থাকা ১০ জন জেলেকে আটক করে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে শরণখোলা রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়। আটক জেলেরা হলেন—ইমরান গাজী, গনি শেখ, সাহাবুদ্দিন শেখ, এনামুল শেখ, হাবিবুর শেখ, জুবায়ের মিস্ত্রি, সিরাজুল শেখ, আমিরুল শেখ, রহমান শেখ ও মহাসিন মিস্ত্রি। তাদের বাড়ি খুলনার দাকোপ ও পাইকগাছা উপজেলায়।

বনরক্ষীরা জানান, আটক জেলেরা অবৈধভাবে সুন্দরবনের নদী থেকে পারশে মাছের পোনা সংগ্রহ করে ট্রলারযোগে রাতের আঁধারে পাইকগাছার দিকে নিয়ে যাচ্ছিল।

অন্যদিকে, একই দিন সোমবার বিকেলে সুন্দরবনের কোকিলমোনি এলাকায় অভিযান চালিয়ে বনরক্ষীরা আরও একটি ট্রলারসহ ১৫ জন জেলেকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে আড়াইশ কেজি পারশে মাছের পোনা জব্দ করা হয়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম বলেন, ‘সুন্দরবনের নদীতে অবৈধভাবে পারশে মাছের পোনা আহরণের সঙ্গে জড়িত আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

ইত্তেফাক/এএস/এসজেএস