হাঁসের খোপে উঁকি দিতেই গৃহিণী দেখেন বিরাট অজগর

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৬

সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবন উপকূলীয় বুড়িগোয়ালিনী গ্রামের একটি বাড়ি থেকে বিশাল অজগর উদ্ধার করেছে বনবিভাগ।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসও) এরফান উদ্দীনের নেতৃত্বে বনকর্মীরা বাড়ির হাঁসের খোপ তেকে (পরিত্যক্ত ঘর) থেকে অজগরটি উদ্ধার করেন। উদ্ধার অজগর সাপটি ১২ফিট লম্বা এবং ওজন ৪২ কেজি।

স্থানীয়রা জানান, ওই গ্রামের মুক্তার হোসেনের বাড়ি থেকে অজগরটি উদ্ধার করা হয়। ঘটনার সময় প্রতিদিনের মতো সকালে হাঁসের খোপ খুলতে গিয়েছিলেন মোক্তার হোসেনের স্ত্রী। দরজা খোলার পর তিনটি হাঁস বেরিয়ে এলেও বাকিগুলো বের হচ্ছিল না। বিষয়টি দেখতে ভেতরে উঁকি দেন তিনি। দেখেন, একটি হাঁস মরে পড়ে আছে। পাশেই কুণ্ডলী পাকিয়ে আছে বিশাল এক অজগর। এ দৃশ্য দেখে ভয়ে চিৎকার দিয়ে সংজ্ঞা হারান তিনি।

ওই সময় স্ত্রীর চিৎকার শুনে ঘর থেকে ছুটে আসেন মোক্তার গাজী। পরে আশপাশের লোকজনও জড়ো হন। খবর পেয়ে সকাল নয়টার দিকে বন বিভাগের সদস্য ও সিপিজির সদস্যরা ঘটনাস্থলে যান। স্থানীয় লোকজনের সহযোগিতায় অজগরটি উদ্ধার করে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনে নেওয়া হয়।

গৃহিণীর স্বামী মোক্তার গাজী বলেন, মোট নয়টি হাঁসের মধ্যে তিনটি বের হয়ে এলেও বাকিগুলো বের হচ্ছিল না। তখন খোপের ভেতর উঁকি দিয়ে অজগরটি দেখতে পান তার স্ত্রী। ‘সাপ, সাপ’ বলে চিৎকার করে তিনি সংজ্ঞা হারান।

উদ্ধারে অংশ নেওয়া সিপিজির সদস্য জুলেখা বেগম বলেন, তারা কাউকে সাপটির কাছে যেতে দেননি। কেউ হাত দিলে সাপটি অন্য জায়গায় চলে যেতে পারত। তখন সেটিকে উদ্ধার করা কঠিন হয়ে যেত।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মশিউর রহমান বলেন, বাড়ির মালিকের কাছে খবর পেয়ে সাপটি উদ্ধার করে কলাগাছিয়া বন অফিস এলকায় সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। খাদ্যের সন্ধানে সাপটি সুন্দরবন হতে লোকালয়ে প্রবেশ করতে পারে বলে তিনি জানান।

ইত্তেফাক/এপি