কলকাতার বেকার হোস্টেলের বঙ্গবন্ধু স্মৃতিকক্ষে আনুষ্ঠানিকভাবে শেখ মুজিবুর রহমানের আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়েছে গতকাল শনিবার। পরে অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, কলকাতার সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বহু স্মৃতি জড়িয়ে রয়েছে। ভারতের বিভিন্ন জায়গায়ও রয়েছে অনেক স্মৃতি। অনুমোদন পেলে সেই সব স্মৃতি সংরক্ষণ করে একটি সংগ্রহশালা গড়ে তোলা হবে।
তিনি আরো বলেন, ‘এ বছরের মার্চ মাসে আমি ভারত সফরে এসে বেকার হোস্টেল পরিদর্শনকালে জাতির জনকের ভাস্কর্য দেখি এবং অনুধাবন করেছিলাম তার সঙ্গে ভাস্কর্যটির অমিল রয়েছে। তখন আমি বাংলাদেশে ফিরে প্রধানমন্ত্রীকে বিষয়টি অবহিত করি। তখন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর একটি সাদৃশ্যপূর্ণ ভাস্কর্য নির্মাণ করে বেকার হোস্টেলে প্রতিস্থাপন করার সিদ্ধান্ত দিয়েছিলেন।’
পশ্চিমবঙ্গের বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী জাভেদ আহমেদ খান বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যা বলেন, সেটা করেন। এ ব্যাপারেও তিনি প্রয়োজনীয় উদ্যোগ নেবেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম, কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের উপরাষ্ট্রদূত তৌফিক হাসান, প্রথম সচিব (?প্রেস) মোহম্মদ মোফাকখারুল ইকবাল প্রমুখ।
