রাজধানীতে কমছে শীত, বাড়বে দিনের তাপমাত্রা

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৯

মাঘের শেষভাগে রাজধানী ঢাকায় শীতের আমেজ কমতে শুরু করেছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ (১১ ফেব্রুয়ারি) ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের প্রথমার্ধেই তাপমাত্রা কিছুটা বৃদ্ধির আভাস রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত হয়নি।

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩৪ মিনিটে।

এদিকে, সারা দেশের পূর্বাভাসে জানানো হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

ইত্তেফাক/এএইচপি