কেন্দ্রে আসা মহিলা ভোটারদের মুখের বোরকা খুলে ভোট গ্রহণের দাবি জানিয়েছেন সিলেট-৪ আসনের বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে সিলেটের রিটার্নিং কর্মকর্তার সঙ্গে দেখা করে তিনি এই দাবি জানান। এ আসনে আরিফের প্রতিদ্বন্দ্বী জামায়াতের জয়নাল আবেদীন।
যুক্তি তুলে ধরে আরিফুল হক বলেন, ‘বোরকা পড়ে কেন্দ্রে আসুন। কিন্তু ভেতরে যেন বোরকা খুলে ভোট প্রদান করেন। এর কারণ হচ্ছে- অনেক ভোটারই জাল ভোট দিতে কেন্দ্রে আসতে পারেন। ইতোমধ্যে বিপুল পরিমাণ বোরকা কেনার খবর ভোটের মাঠে চাউর হওয়ায় বিষয়টি নির্বাচনী কর্মকর্তাদের জানিয়ে এসেছি।’
আরিফুল হক চৌধুরী যে এলাকা থেকে নির্বাচন করছেন সেটি হচ্ছে সীমান্তবর্তী দুর্গম এলাকা। তিনি অভিযোগ করেন- ‘ইতোমধ্যেই অনেকেই পুলিশের ভুয়া পোশাক তৈরী করছেন বলে অভিযোগ এসেছে। সীমান্তবর্তী অনেক কেন্দ্রই রয়েছে যেগুলোতে যাতায়াতের ব্যবস্থা নেই। কেউ কেউ ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করতে পারে।’ এ কারণে ওই সব এলাকায় বেশি সংখ্যক আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন তিনি।
