অপহরণ না হয়েও বাবার দেওয়া মিথ্যা মামলায় নিজেসহ স্বামীর পরিবার দিশেহারা হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন শেফা আলম নামের এক গৃহবধূ। মিথ্যা মামলার হাত থেকে নিজেকে ও স্বামীর পরিবারকে বাঁচাতে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ও আইজিপির প্রতি আহবান জানিয়েছেন তিনি।
গতকাল শনিবার সকালে ক্রাইম রিপোর্টার্স বহুমুখী সমবায় সমিতি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শেফা আলম তার বাবার বিরুদ্ধে এই অভিযোগ করে মামলা থেকে মুক্তির দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন শেফা আলমের স্বামী ইব্রাহিম আহমেদ রাজু, শাশুড়ি মজিদা, ননদ রেহানা আক্তার প্রমুখ।
লিখিত বক্তব্যে শেফা আলম বলেন, ২০১৪ সালের ২৪ আগস্ট ভালোবেসে ইব্রাহিম আহমেদ রাজুকে নিজের ইচ্ছায় বিয়ে করেন তিনি। কিন্তু আমার বাবা মো. খোরশেদ আলম আমাকে জোর করে রাজুর কাছ থেকে ছিনিয়ে আনেন। সেসময় আমার বয়স কম থাকায় আমি আইনি লড়াই করতে পারিনি। বাবা রাজু ও তার পরিবারের বিরুদ্ধে আমাকে অপহরণ করা হয়েছে বলে মিথ্যা মামলা করেন। আমার বাবার একের পর এক মিথ্যা মামলায় রাজু এ পর্যন্ত তিনবার জেল খেটেছে। বাদ যায়নি তার বৃদ্ধা মা, বোন জামাইও। অথচ আমি কখনোই অপহরণের শিকার হইনি। এই অবস্থায় স্বামী ও তার পরিবারকে রক্ষা করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান তিনি।
