নারায়ণগঞ্জে বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫১

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনগঞ্জে বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লাগার ঘটনা ঘটেছে। দ্রুত সময়ের মধ্যে আগুন নেভানো গেলেও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় বিদুৎ বিভ্রাট সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মদনগঞ্জ এলাকায় মদনগঞ্জ ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ‘ওপেন ইয়ার্ডে’ আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণের পরে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের বরাতে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার জানান ‘যান্ত্রিক গোলযোগের’ কারণে এই ঘটনা ঘটেছে।

বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই আশেপাশের এলাকাগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। থানা এলাকাতেও বিদ্যুৎ ছিল না।

এদিকে আগুন লাগার খবর পেয়ে উপকেন্দ্রে ছুটে আসেন ইউএনও শিবানী সরকার। তিনি সদর-বন্দর আসনে বন্দর অংশের সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বেও রয়েছেন। পরিদর্শন শেষে তিনি বলেন, ‘আমরা এখানে এসেছিলাম। বিদ্যুৎ গ্রিডের যিনি ইনচার্জ এবং তাদের সঙ্গে কথা হয়েছে। তাদের ভাষ্য, যান্ত্রিক গোলযোগ থেকেই আগুনের ঘটনা ঘটেছে। তবে, আগুন দ্রুত সময়ের মধ্যেই নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে।’

পরে সন্ধ্যার সাড়ে ৭টার দিক শিবানী সরকার মুঠোফোনে বলেন, আগুন দ্রুত নেভানো গেলেও কিছু এলাকায় বিদ্যুৎ ছিল না। প্রায় এক ঘণ্টা পরই বিদ্যুৎ সরবরাহ আবারও চালু হয়েছে।

ইত্তেফাক/এপি