নির্বাচনের আগে মেঘনা আলমের জিডি

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০০:১৪

ঢাকা-৮ আসনে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মেঘনা আলম ব্যক্তিগত নিরাপত্তা না পাওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) তিনি রমনা থানায় এ জিডি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ওসি মোহাম্মদ রাহাৎ খান।

জিডিতে মেঘনা আলম উল্লেখ করেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী গত ২২ জানুয়ারি থেকে তার নির্বাচনি প্রচারণা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বিভিন্ন ধরনের হুমকি-ধমকি এবং তার নারী সমর্থকদের ওপর স্ট্রিট হ্যারাজমেন্টের ঘটনায় তিনি স্বাভাবিকভাবে প্রচারণা চালাতে পারেননি।

তিনি দাবি করেন, ঢাকা-৮ আসনটি দেশের অন্যতম ঝুঁকিপূর্ণ নির্বাচনি এলাকা এবং এ আসন থেকে এখন পর্যন্ত কোনো নারী সংসদ সদস্য নির্বাচিত হননি। ভয়ের কারণে সাধারণত নারীরা এ আসনে প্রার্থী হতে আগ্রহী হন না বলেও জিডিতে উল্লেখ করেন তিনি। এবারের নির্বাচনে তিনিই একমাত্র নারী প্রার্থী বলেও জানান।

মেঘনা আলম বলেন, সরকারি প্রতিশ্রুতি অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে গানম্যানসহ ব্যক্তিগত নিরাপত্তা দেওয়ার কথা ছিল। এ বিষয়ে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবহিত করেন এবং তাদের নির্দেশনায় স্পেশাল ব্রাঞ্চকেও জানান। তবে আশ্বাস পেলেও এখন পর্যন্ত কোনো নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

জিডিতে তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন, ভোটের দিন ঢাকা-৮ আসনের বিভিন্ন কেন্দ্র পরিদর্শনের সময় তার নিরাপত্তা ঝুঁকি থাকতে পারে। বর্তমান নির্বাচনি পরিবেশ ও রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে নিরাপত্তা না দেওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা ও বৈষম্যের শামিল বলে দাবি করেন তিনি।

ইত্তেফাক/এমএএম