চলছে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচনকে ঘিরে রাজধানী ঢাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অশ্বারোহী দল ঘোড়ায় চড়ে বিভিন্ন সড়ক ও ভোটকেন্দ্রে টহল দিচ্ছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই ছয় সদস্যের একটি ডিএমপি অশ্বারোহী দল ঘোড়ার পিঠে ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে ভোটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
বিকালে রাজধানীর নিউ সার্কুলার রোডের মালিবাগ মোড় এলাকায় তাদের টহল দিতে দেখা যায়। এ সময় দলটির সঙ্গে ছিল ছয়টি সুগঠিত ও শক্তিশালী ঘোড়া।
ঘোড়াগুলোর পিঠে স্যাডল ও প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি সচেতনতামূলক প্ল্যা-কার্ডে লেখা ছিল-‘সুষ্ঠু নির্বাচন হোক আমাদের অঙ্গীকার’ এবং ‘ভোট হোক উৎসবমুখর ও আনন্দঘন’।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। সারাদেশে ২৯৯ সংসদীয় আসনে ভোট দিচ্ছেন ভোটাররা। জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করেছে ইসি। এ কারণে এই আসনটিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।
দেশের মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব কেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ থাকবে। এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।

