ফেনী-২ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী ও আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর ওপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। তাছাড়া পৃথক আরেকটি ঘটনায় মঞ্জুর প্রধান নির্বাচনী এজেন্ট আনম আব্দুর রহিমের হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন এবি পার্টির নেতাকর্মীরা। এই হামলার পেছনে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের দায়ী করছে সংগঠনটি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের মজুমদারহাট এলাকায় শেখ মজিবুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, দুপুরে মজিবুর রহমান মঞ্জু ওই কেন্দ্র পরিদর্শনে গেলে স্থানীয় আব্দুল হান্নান ও শহীদের নেতৃত্বে একদল ব্যক্তি তাকে লক্ষ্য করে আপত্তিকর মন্তব্য করতে থাকেন। একপর্যায়ে তারা মারমুখী হয়ে মঞ্জুর দিকে তেড়ে আসেন। এ সময় কেন্দ্রে উপস্থিত ‘ঈগল’ প্রতীকের সমর্থকরা তাকে চারপাশ থেকে ঘিরে ধরে রক্ষা করেন। খবর পেয়ে সেনাবাহিনী ও বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় তালহা নামে এক ‘ঈগল’ প্রতীকের সমর্থককে মারধর করার অভিযোগ উঠেছে।
অন্যদিকে, ধর্মপুর ইউনিয়নের জোয়ার কাছাড় কেন্দ্রে মঞ্জুর প্রধান নির্বাচনী এজেন্ট আনম আব্দুর রহিমের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুর করার ঘটনা ঘটেছে।
এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল অভিযোগ করে বলেন, স্থানীয় বিএনপি নেতা ‘জামাই কামরুল’-এর নেতৃত্বে একদল সন্ত্রাসী এই হামলা চালায়। এতে আব্দুর রহিম আহত হন এবং তার গাড়িটি দুমড়েমুচড়ে দেওয়া হয়। এ ছাড়া পাঁচগাছিয়া ইউনিয়নের এলাহিগঞ্জে এবং শর্শদী ও ফরহাদনগর ইউনিয়নে জামায়াত-এবি পার্টির বেশ কয়েকজন সমর্থকের ওপর হামলার খবর পাওয়া গেছে।
মজিবুর রহমান মঞ্জু ভোট দেওয়ার পর সাংবাদিকদের বলেন, বিএনপি পরাজয়ের আশঙ্কায় অসহিষ্ণু হয়ে উঠছে। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে আমাদের এজেন্টদের বের করে দেওয়া এবং কর্মীদের ওপর হামলার চেষ্টা চলছে। আমরা প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি।
ফেনী জেলার বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল গণমাধ্যমকে বলেন, আমি বিষয়টি শুনেছি। এ বিষয়ে খোঁজ-খবর নিয়ে বিস্তারিত পরে জানানো হবে।
এ বিষয়ে ফেনীর জেলা রিটার্নিং কর্মকর্তা মনিরা হক গণমাধ্যমকে বলেন, ভোটগ্রহণ শুরুর পর যত অভিযোগ পেয়েছেন সব স্থানেই মোবাইল টিম পাঠানো হয়েছে। তবে কোথাও ভোটগ্রহণে সমস্যা হয়নি। মঞ্জুর প্রধান এজেন্টের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

