রাজশাহীর গোদাগাড়ী উপজেলা দুইটি সরকারি হাসপাতালে ডেঙ্গু শনাক্ত ও পরীক্ষার যন্ত্র নেই। এতে করে হাসপাতালে সেবা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন রোগীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায় যে, সরকারি দুই হাসপাতালে প্রতিদিন তিনশতাধিক রোগী বিভিন্ন সমস্যা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেমতলী ও উপজেলা সদরে অবস্থিত গোদাগাড়ী ৩১শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এদের মধ্যে অনেকেই আসেন জ্বর নিয়ে। কিন্তু ডেঙ্গু জ্বর পরীক্ষা করার জন্য এনএসওয়ান, এ্যান্টিবডি আইজিএম, এইচসিটি এবং সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট পরীক্ষার কোনটিই হয় না। এতে করে রোগীদের উপজেলা বেসরকারি হাসপাতালে গিয়ে ডেঙ্গু জ্বর পরীক্ষা করতে হচ্ছে।
আরও পড়ুন: ঝিনাইদহে আওয়ামী লীগ সমর্থক দু’পক্ষের সংঘর্ষে আহত ৪৫
শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বর নিয়ে আসা কয়েকজন রোগী বলেন, ‘আমরা জ্বর নিয়ে এই হাসপাতালে এসেছি ডেঙ্গু জ্বর হয়েছে কি না পরীক্ষা করার জন্য। কিন্তু এখানে ডেঙ্গু জ্বরের কোন পরীক্ষাই হয় না। আমাদের এখন বাধ্য হয়ে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে যেতে হচ্ছে।
গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা কলেজছাত্র আবির হোসেন বলেন, কয়েকদিন ধরে জ্বর ও শরীরে প্রচণ্ড ব্যাথার কারণে ডেঙ্গু জ্বর পরীক্ষা করতে এসে শুনলাম এই সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা হয় না। তাই বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা করতে হবে।
এ বিষয়ে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মেসবাহুল হক বলেন, ডেঙ্গু জ্বর পরীক্ষা করার বিষয়ে সিভিল সার্জন অফিসে কথা বলেছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু জ্বর পরীক্ষা করার ব্যবস্থা করা যায় কি না সে বিষয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/এমআরএম
