গাজীপুর সরকারি মহিলা কলেজের নামে সরকারি বরাদ্দের জমি বুঝিয়ে দেওয়াসহ অবৈধ দখলদার উচ্ছেদের দাবিতে বুধবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ওই কলেজের শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১০টা থেকে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়। পরে কলেজের পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। দুপুরে গাজীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষের কার্যালয়ে আহূত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ফেরদৌসী পারভীন। অধ্যক্ষ লিখিত বক্তব্য শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে কলেজের পক্ষে সরকার অনুমোদিত জমির কাগজপত্রসহ যৌক্তিক দাবি তুলে ধরেন।
তিনি জানান, কলেজটিতে বর্তমানে প্রায় ৫ হাজার ছাত্রী লেখাপড়া করছে। কলেজটিতে অনার্স, ডিগ্রি (পাস) ও উচ্চ মাধ্যমিক কোর্স চালু রয়েছে। দিন দিন কলেজে ছাত্রী সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু চাহিদা অনুযায়ী অবকাঠামো নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি না থাকায় ছাত্রী ভর্তি করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় কলেজ কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় থেকে কলেজ সংলগ্ন ২ দশমিক ৭৪ একর এবং পার্শ্ববর্তী ১ দশমিক ২৩ একর জমি কলেজের নামে বরাদ্দ দেয়। এ জন্য ১০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলে বরাদ্দকৃত স্থানে ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হয়। এতে ওই জমিতে অবৈধভাবে বসবাসকারী লোকজন বাধা প্রদান করে আসছে বলে তিনি অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মিজানুর রহমান, সহকারী অধ্যাপক সোহরাব হোসেন ও আব্দুল মোক্তাদির বিন মোস্তাইনুর রহমান উপস্থিত ছিলেন।
এদিকে বিকালে গাজীপুর প্রেসক্লাব ভবনে সংবাদ সম্মেলন করেন ওই জমিতে বসবাসরত বাসিন্দারা। লিখিত বক্তব্যে ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন যাবত্ তারা ওই জমিতে একসনা লিজ নিয়ে নিয়মিতভাবে খাজনা পরিশোধ করে বসবাস করে আসছেন। দুই বছর ধরে তাদের লিজ নবায়ন হচ্ছে না। ভুক্তভোগীদের লিজি জমি থেকে উচ্ছেদ বন্ধে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে স্থানীয় বাসিন্দা অমিতাভ বড়ুয়া, ইসমত আনোয়ারী, মারুফ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
