বাংলাদেশের টেকসই উন্নয়ন অভিযাত্রা এবং শেখ হাসিনা সরকারের বিভিন্ন অর্জনের উচ্চকিত প্রশংসা করে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ফেকিতামোইলোয়া কাটোয়া উতোইকামানু বলেছেন, শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি, জাতীয় মালিকানা, নেতৃত্ব, পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল, শক্তিশালী প্রতিষ্ঠান, দ্রুত শিল্পায়ন ও অর্থনৈতিক বৈচিত্র্য ইত্যাদি ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য আজ বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে। তিনি বাংলাদেশের এই অগ্রযাত্রার কথা তুলে ধরে আরো বলেন, বাংলাদেশ এখন এশিয়ার মধ্যে সফলতার স্বাক্ষর বহনকারী উল্লেখযোগ্য একটি দেশ হিসেবে স্বীকৃত।
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কে অনুষ্ঠিত বাংলাদেশ উন্নয়ন মেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল। ইউএনডিপি’র হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট অফিসের পরিচালক ড. সেলিম জাহান এবং নিউইয়র্কে ভারতের কনসাল জেনারেল ও রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন ও নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট যৌথভাবে বাংলাদেশ উন্নয়ন মেলার আয়োজন করে। মেলায় প্রদর্শিত হয় বাংলাদেশের উন্নয়ন পরিক্রমা। নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট অডিটরিয়ামে অনুষ্ঠিত এই উন্নয়ন মেলায় প্রবাসী বাঙালিদের ব্যাপক উপস্থিতির পাশাপাশি বিদেশি অতিথিদের উপস্থিতিও ছিল লক্ষণীয়।
বাংলাদেশকে গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার এবং নিকটতম প্রতিবেশী উল্লেখ করে নিউইয়র্কে ভারতের কনসাল জেনারেল ও রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী বলেন, বাংলাদেশের উন্নয়নে ভারত সবসময়ই পাশে আছে। বাংলাদেশ শুধু দক্ষিণ এশিয়ায় নয়, গোটা বিশ্বেই উন্নয়নের উজ্জ্বল উদাহরণ আর এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও যোগ্য নেতৃত্বে। ইউএনডিপি’র হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট অফিসের পরিচালক ড. সেলিম জাহান বাংলাদেশের উন্নয়নকে অভূতপূর্ব আখ্যা দেন এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে বাংলাদেশের উন্নয়নের তুলনামূলক চিত্র তুলে ধরেন।
সকল বক্তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যকর ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন।
উন্নয়ন অভিযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কথা তুলে ধরে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেন, রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশের আজকের উত্থান যেন ফনিক্স্ পাখির কল্পকথাকেও হার মানায়। স্বাগত বক্তব্য রাখেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন নেসা।
অনুষ্ঠানে আরো অতিথি ছিলেন জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি’র সিনিয়র ইকোনমিক অফিসার ম্যাথিয়াস ব্রুকনার, ইউনিসেফের হিউম্যানিট্যারিয়েন ফিল্ড সাপোর্টের প্রধান সারা বর্ডাস-এড্ডি, জাতিসংঘের ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ডের প্রোগ্রাম ম্যানেজার জেফার ম্যাকানো, ইউএস-বাংলাদেশ গ্লোবাল চেম্বার অব কমার্স এর চেয়ারম্যান আজিজ আহমেদ ও সিনিয়র অ্যাডভাইজর স্যাভিও চ্যান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুদ্দিন আজাদ প্রমুখ।
