নারায়ণগঞ্জের আড়াইহাজারের বাজবী তাতিবাড়ী এলাকায় এক রিকশাচালকের কাছ থেকে ছিনতাইচেষ্টার অভিযোগে দুই তরুণকে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। পরে ওই দুই তরুণের দেওয়া তথ্যের ভিত্তিতে পিস্তলসহ গুলি উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
রোববার (১৫ ফেব্রুয়ারি) আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার সরকার এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে শনিবার রাতে গাউছিয়া-আড়াইহাজার সড়কে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।
গণপিটুনির শিকার দুই তরুণ হলেন রাব্বি (২০) ও সাব্বির (১৫)। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি পিস্তল, ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে গাউছিয়া-আড়াইহাজার সড়কে এক রিকশাচালককে অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুই তরুণ। রিকশাচালক চিৎকারে স্থানীয় লোকজন তাদের ধরে ফেলেন এবং গণপিটুনি দেয়। এতে তারা গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধরা পড়ার সময় ছিনতাইকারীরা তাদের কাছে থাকা পিস্তলটি পাশের একটি ডোবায় ফেলে দেয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে চার রাউন্ড পিস্তলের গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করে। সর্বশেষ রোববার সকালে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ডুবুরি দল ডোবায় তল্লাশি চালিয়ে পিস্তলটি উদ্ধার করে।
আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার সরকার জানান, আহত দুজনকে আটক রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী একটি বাসায় অভিযান চালিয়ে গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

