১০ হাজার ডিমের ওমলেট!

আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ২০:০৭

 

সকালের নাস্তা কিংবা দিনের অন্যান্য সময়ে অনেকে ডিমের ওমলেট খেয়ে থাকেন। একটি ওমলেটে কয়টি ডিম থাকতে পারে? ১টি, ২টি কিংবা ৩টি! কিন্তু ১০ হাজার ডিম দিয়ে তৈরি ওমলেট খাওয়ার কথা কখনও কী ভেবেছেন! অবাক লাগলেও সত্যি সত্যি বেলজিয়ামে এবার ১০ হাজার ডিম দিয়েই তৈরি করা হয় একটি ‘জায়েন্ট’ ওমলেট।

প্রায় প্রতিবছরই বিশ্বের নানাপ্রান্তে সব থেকে বড় পিত্জা কিংবা সব থেকে বড় কেক বানানোর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে আয়োজকদের লক্ষ্য থাকে রেকর্ড গড়া। তবে গত ২২ বছর ধরে বেলজিয়ামের শহর মালমেডিতে অনুষ্ঠিত হয়ে আসছে ডিমের ওমলেট বানানোর উত্সব। ২২ বছরের এই ঐতিহ্য ধরে রাখতে এবারও হাজির হয়েছিলেন কয়েক হাজার মানুষ। এবার লক্ষ্য ছিল ১০ হাজার ডিম দিয়ে তৈরি করা হবে ওমলেট। ১০ হাজার ডিমের ওমলেট তৈরির জন্য আয়োজকদের প্রস্তুতির কোনো কমতি ছিল না। ওমলেট বানানোর জন্য বিশাল আকারের কড়াই সংগ্রহ করা, অংশগ্রহণকারীদের নিরাপত্তা সব বিষয়ই দেখভাল করতে হয়েছে আয়োজকদের।পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী যথাসময়ে হাজির হয়ে যায় কয়েক হাজার মানুষ। প্রত্যেকের হাতেই শুধু ডিম। আর সেই ডিম দিয়ে খাওয়ার উপযোগী ওমলেট তৈরির জন্য নিয়োগ দেওয়া হয়েছিল বেশ কয়েকজন দক্ষ রাঁধুনিকে। অনুষ্ঠানে হাজির হয়েছিলেন খোদ মেয়রও।