গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় দুর্বৃত্তদের অতর্কিত হামলায় কাকন মন্ডল (৩৫) নামে এক যুবদল নেতা গুরুতর আহত হয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার বরিশাল ইউনিয়নের জুনদাহ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত কাকন মন্ডল বরিশাল ইউনিয়নের দূর্বলাগাড়ী গ্রামের মিরু মন্ডলের ছেলে। তিনি উপজেলা যুবদলের সদস্য এবং বরিশাল ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাতে কাকন মন্ডল জুনদাহ বাজারে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে তার ডান হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায় এবং দুই পা ভেঙে যায়।
পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পলাশবাড়ী উপজেলা যুবদলের সভাপতি রাজু আহম্মেদ অভিযোগ করেন, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে বরিশাল ইউনিয়ন জামায়াতের আমির শামীম প্রধান বলেন, এ ঘটনার সঙ্গে জামায়াত বা শিবিরের কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা নেই। রাজনৈতিক প্রতিহিংসার জেরে একটি মহল মিথ্যা অভিযোগ করছে।
পলাশবাড়ী থানার ওসি সরোয়ার আলম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত ও আটক করতে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।
