উচ্চ সুদহার উদ্যোক্তাদের জন্য বড়ো বাধা

আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ২০:১৩

কাঙ্ক্ষিত মধ্য ও উচ্চ আয়ের দেশ হতে হলে নতুন নতুন উদ্যোক্তা গড়ে তুলতে হবে। উদ্যোক্তা গড়ে তোলার জন্য দেশের অনুকূল রাজনৈতিক ও সামাজিক পরিবেশ ব্যবসাবান্ধব করা প্রয়োজন। শনিবার ঢাকা স্কুল অব ইকোনমিক্স (ডিএসসিই) আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

ঢাকা স্কুল অব ইকোনমিক্সের উদ্যোক্তা অর্থনীতি বিভাগের সমন্বয়ক অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলীর সভাপতিত্বে ‘ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স প্রসিডিউরস অ্যান্ড হিন্ডারেন্স ফর এন্টারপ্রেনিউরিয়াল ইকোনমিক্স গ্রথ’ শীর্ষক ওই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অর্থনীতি সমিতির সহসভাপতি ও ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের (আইএফআইএল) ব্যবস্থাপনা পরিচালক এ জে ড এম সালেহ। সেমিনারে অন্যদের মধ্যে পূবালী ব্যাংকের সাবেক এমডি হেলাল আহমেদ চৌধুরী, এনসিসি ব্যাংকের সাবেক এমডি মোহাম্মদ নুরুল আমিন, বাংলাদেশ ইনস্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্টের (বিআইপিডি) মহাপরিচালক কাজী মো. মর্তুজা আলী, ইউনিভার্সিটি মালয়েশিয়া সাবাহ’র সহকারী অধ্যাপক ড. শফিকুজ্জামান সিদ্দিকী, ঢাকা স্কুলের সহযোগী অধ্যাপক রেহানা পারভীন ও সারা তাসনীম প্রমুখ বক্তব্য রাখেন।

হেলাল আহমেদ চৌধুরী বলেন, উদ্যোক্তা হতে হলে ঝুঁকি নিতে হবে, জ্ঞান অর্জন করতে হবে নতুন নতুন প্রযুক্তি ব্যবহার সক্ষম হতে হবে। ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানগুলোর উচিত নতুনদের সুযোগ করে দেওয়ার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। মোহাম্মদ নুরুল আমিন বলেন, অর্থনীতিতে বৈষম্য থাকবে এটি স্বাভাবিকভাবে নেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশের বৈষম্য অস্বাভাবিক। এখানে ইচ্ছাকৃতভাবে বৈষম্য  তৈরি করা হচ্ছে। একগোষ্ঠীকে নানাভাবে সব ধরনের ব্যবসার সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। এই বৈষম্যের কারণে অর্থনীতির ক্ষতি হচ্ছে। অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী বলেন, দেশের অর্থনীতি ব্যাংক ও বিমা খাত অবদান রাখছে। তবে কিছু সংকট চলছে। সেই সংকট নিরসন করে বিমা খাতকে জনপ্রিয় করতে হবে এবং ব্যাংক খাতকে উদ্যোক্তাবান্ধব করতে হবে। মূল প্রবন্ধে এ জেড এম সালেহ বলেন, উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তোলা অনেক চ্যালেঞ্জের। ব্যক্তিপর্যায়ের পাশাপাশি রাষ্ট্রীয় ও অন্যান্য প্রতিষ্ঠানের দায়িত্ব রয়েছে নতুন উদ্যোগ গড়ে তোলার জন্য। কাজী মুর্তজা আলী বলেন, উচ্চ সুদহার উদ্যোক্তাদের জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছে। এতে ব্যবসার খরচ বাড়ছে। দেশের বর্তমান রাজস্ব নীতি সঞ্চয়প্রবণতা নিরুত্সাহিত করছে। আর সঞ্চয় কমে গেলে বিনিয়োগের তহবিল কমে যাবে।