মাস্টারকার্ড দ্য সুইস ডিলাইট ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করেছে। রাজধানী ঢাকায় সম্প্রতি বিজয়ীদের পুরস্কার প্রদানের মাধ্যমে ক্যাম্পেইনটির সমাপনী অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে গ্র্যান্ড প্রাইজ বিজয়ী আব্দুল ওয়াদুদ পাচ্ছেন একজন সঙ্গীসহ সুইজারল্যান্ডের জুরিখে পাঁচ দিন, চার রাত ভ্রমণের সুযোগ। এই ভ্রমণের সব ব্যয় বহন করবে মাস্টারকার্ড। ক্রেডিট, ডেবিট এবং প্রিপেইড কার্ডের মাধ্যমে কেনাকাটা এবং ডিজিটাল ক্রয়-বিক্রয়কে উত্সাহিত করতে রমজান মাসে ক্যাম্পেইনটি শুরু হয়। এছাড়াও অন্যান্য বিজয়ীরা পাচ্ছেন ৫০ টিরও বেশি আকর্ষণীয় পুরস্কার যার মধ্যে রয়েছে বিশ্বের বিভিন্ন রোমাঞ্চকর স্থানে ভ্রমণের প্যাকেজ, হাত ঘড়ি, ডিনার কুপন এবং গিফট ভাউচার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মেজবাউল হক, বাংলাদেশে মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল প্রমুখ।—প্রেস বিজ্ঞপ্তি
