ইয়েমেনে রপ্তানি হচ্ছে ওয়ালটনের তৈরি এসি

আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ২০:৩৪

রপ্তানি বাজারে বাংলাদেশি ব্র্যান্ড ওয়ালটন পণ্যের মার্কেট শেয়ার দ্রুত বাড়ছে। এরই ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে এসি রপ্তানি শুরু করেছে ওয়ালটন। ইয়েমেনের শীর্ষস্থানীয় একটি ইলেকট্রনিক্স ব্র্যান্ডের কাছ থেকে গত জুন মাসে এসি রপ্তানির আদেশ পায় ওয়ালটন। যার শিপমেন্ট হয়েছে চলতি মাসের শুরুতে। ওইএম (অরিজিনাল ইক্যুইপমেন্ট ম্যানুফ্যাকচারার) পদ্ধতিতে, অর্থাত্ আমদানিকারকের দেওয়া ডিজাইন, মান ও অন্যান্য শর্তানুযায়ী এসি তৈরি করেছে ওয়ালটন। এ উপলক্ষ্যে রবিবার ওয়ালটন করপোরেট অফিসে ‘ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সপোর্ট টু ইয়েমেন’ শীর্ষক এক সেলিব্রেশন প্রোগ্রামের আয়োজন করা হয়। কেক কাটার মধ্য দিয়ে ইয়েমেনে এসি রপ্তানির সাফল্য উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টরস ইভা রিজওয়ানা, এস এম জাহিদ হাসান, মো. হুমায়ুন কবীর, নজরুল ইসলাম সরকার, মোহাম্মদ রায়হান, মো. তানভীর রহমান ও সিরাজুল ইসলাম প্রমুখ।

ওয়ালটন এসি বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তানভীর রহমান জানান, ইয়েমেনে এতদিন রপ্তানি হতো ওয়ালটনের তৈরি ফ্রিজ। দেশটিতে এবার এসি রপ্তানি শুরু করেছে ওয়ালটন। তিনি আশা করেন, ফ্রিজের মতো ওয়ালটনের এসিও ইয়েমেনবাসীর আস্থা ও মন জয় করে নেবে।  —প্রেস বিজ্ঞপ্তি