বিশ্বকাপের মাঝপথে অস্ট্রেলিয়া দলে স্মিথ

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩৭

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে অস্ট্রেলিয়া দলে যোগ দিলেন স্টিভেন স্মিথ। ইনজুরির কারণে বিশ্বকাপ দল থেকে ছিটকে পড়া জশ হ্যাজেলউডের বদলি হিসেবে সুযোগ পেয়েছেন তিনি।

হ্যামস্ট্রিং এবং অ্যাকিলিসের ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যান পেসার হ্যাজেলউড। ঐ সময় তার কোন বদলি নেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। নির্বাচকরা জানিয়েছিলেন, দরকার হলে বিশ্বকাপের মাঝপথে বদলি নেওয়া হবে। 

অবশেষে বিশ্বকাপ দলে স্মিথকে যুক্ত করলো সিএ। সোমবার (১৬ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে হ্যাজেলউডের বদলির অনুমোদন দেয় আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটি।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ অস্ট্রেলিয়ার জার্সিতে টি-টোয়েন্টি খেলেছেন স্মিথ। ২০২২ সালে শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিলেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে ৬৭ ম্যাচ খেলে ২৪.৮৬ গড় ও ১২৫.৪৫ স্ট্রাইক রেটে ১ হাজার ৯৪ রান করেছেন স্মিথ। 

সাম্প্রতিক সময়ে বিগ ব্যাশে ব্যাট হাতে ছন্দে ছিলেন স্মিথ। সিডনি সিক্সার্সের হয়ে ৬ ম্যাচ খেলে ৬০ গড় ও ১৬৮ স্ট্রাইক রেটে ২৯৯ রান করেন তিনি। 

ইত্তেফাক/জেডএইচ