১০ আগস্ট থেকে পোশাক কারখানায় ছুটি শুরু

আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ২০:৩৫

ইত্তেফাক রিপোর্ট

ঈদুল আজহা উপলক্ষ্যে পোশাক কারখানার শ্রমিকদের ছুটি শুরু হবে ১০ আগস্ট থেকে। ছুটির আগে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল রবিবার শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জানানো হয়—টঙ্গী, পূবাইল, বোর্ড বাজার, গাজীপুর সদর, কাশিমপুর, কোনাবাড়ী, কালিয়াকৈর, কাপাসিয়া, কালীগঞ্জ, শ্রীপুর মাওনা, মিরের বাজার ও ভালুকা এলাকার কারখানাগুলোর শ্রমিকদের ১০ জুলাই থেকে ছুটি শুরু হবে। ঐসব এলাকার কারখানা শ্রমিকদের ছুটি ১৭ আগস্ট পর্যন্ত থাকবে বলে সভায় জানানো হয়। অন্যদিকে আশুলিয়া, কলমা, সাভার, হেমায়েতপুর, ধামরাই, জিরানি বাজার, বিকেএসপি, তুরাগ ও মানিকগঞ্জের এলাকার কারখানার শ্রমিকদের ছুটি শুরু হবে ১১ আগস্ট থেকে। ঐসব এলাকার শ্রমিকদের ছুটি শেষ হবে ১৮ আগস্ট। সভায় আরো জানানো হয়, সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি বাদে বাকি দিনগুলো কারখানা কর্তৃপক্ষ জেনারেল ডিউটি সমন্বয় করতে পারবেন। ঐসব এলাকা ছাড়া অন্যান্য এলাকার নিজ নিজ কারখানা কর্তৃপক্ষ নিজেদের রফতানির সঙ্গে সমন্বয় করে ঈদের আগে ছুটি প্রদান করবেন। শ্রম মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজমের সভাপতিত্বে সভায় বিজিএমইএ, বিকেএমইএ-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।