হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের উত্তর প্রান্তে খোয়াই নদীর প্রতিরক্ষার বাঁধের ওপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের পর সংস্কার ও সৌন্দর্য বর্ধনের কাজ দ্রুত এগিয়ে চলেছে। স্বল্প সময়ের মধ্যে চৌধুরীবাজার বেইলি ব্রিজ এলাকা থেকে মেজর জেনারেল এম এ রব ব্রিজ পর্যন্ত বাঁধের ৩৬০ মিটার অংশে পৌরসভা পাকা সড়ক তৈরি করেছে। পানি উন্নয়ন বোর্ড নদীর প্রতিরক্ষা বাঁধের দুর্বল ১৮২ মিটার অংশে জিও ব্যাগ ফেলে বাঁধ সংস্কার করেছে। এছাড়া বাঁধের পাশে সবুজ ঘাস লাগানো হয়েছে। খোয়াই নদী তীরে বাঁধের সংস্কার হওয়ার পর থেকে প্রতিদিন নির্মল আবহাওয়ায় এখানে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। রাতের বেলা পথচারী ও দর্শনার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে নবনির্ির্মত সড়কের পাশে জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদের উদ্যোগে এরই মধ্যে দুটি সোলার লাইট স্থাপন করা হয়েছে। বাকি তিনটিও কয়েকদিনের মধ্যে স্থাপন করা হবে। পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এম এল সৈকত জানান, মেজর জেনারেল এম এ রব ব্রিজের পশ্চিম দিক থেকে গরুর বাজার এলাকা পর্যন্ত বাঁধের ৩৭০ মিটার অংশে অবৈধ স্থাপনাসমূহ উচ্ছেদ করার পর নদীর প্রতিরক্ষা বাঁধ সংস্কারে মাটি ভরাট ও সবুজ ঘাস লাগানোর কার্যক্রম চলমান রয়েছে। আগামী কিছুদিনের মধ্যেই চৌধুরীবাজার বেইলি ব্রিজ থেকে গরুর বাজার পর্যন্ত খোয়াই নদীর শহর প্রতিরক্ষা বাঁধ দৃষ্টিনন্দন রূপ লাভ করবে —ইত্তেফাক
