চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলা প্রকৌশলী অফিসে ছয় দিন ধরে তালা ঝুলছে। চন্দনাইশ উপজেলা গঠিত হওয়ার পর থেকে কক্ষগুলো এলজিইডি প্রকৌশলীরা ব্যবহার করে আসছিল বলে জানা যায়। কেন প্রকৌশলীর অফিসের দুটি কক্ষে তালা ঝুলছে এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মু.বিল্লাল হোসেন বলেন, আমি গত ২৯ এপ্রিল অফিসে এসে দেখি অফিস কক্ষে তালা ঝুলছে। কে বা কারা কেন তালা ঝুলিয়েছে জানি না। প্রকৌশলী বিল্লাল হোসেন আরো বলেন, কক্ষগুলো কেবলমাত্র এলজিইডি অফিসের জন্য বরাদ্দ। কেউ চাইলেই তো দেওয়া যায় না। এ যাবত্ কেউ লিখিতভাবে কক্ষের জন্য আবেদন করেনি বলে জানান তিনি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম. বদরুদ্দোজার সঙ্গে কথা হলে তিনি বলেন, প্রকৌশলীর অফিসে লোকজন হিসাবে কক্ষ বেশি রয়েছে বিধায় দুটি কক্ষ খাদ্য অফিসের জন্য দিতে প্রকৌশলীকে বলা হয়েছিল। কিন্তু তিনি (প্রকৌশলী) কোনো জবাব দেননি। কক্ষে তালার বিষয়ে জানতে চাইলে তিনি কে বা কারা কক্ষে তালা ঝুলিয়েছে জানেন না বলে জানান।
