প্রেসক্লাবের ডালপুরি খেয়ে হরতাল কর্মসূচি পালন করতাম, তথ্যমন্ত্রীর স্মৃতিচারণ

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫৬

সাংবাদিক সমাজের সমস্যার সমাধান না হলে গণমাধ্যমের সমস্যার সমাধান হবে না বলে মন্তব্য করেছেন নতুন সরকারের তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, ‘আমি সব সময় সাংবাদিকদের সঙ্গে আছি, থাকব। আমি খুবই সৌভাগ্যবান আপনারা সবাই পরিচিত। একজন রাজনৈতিক কর্মী হিসেবে এই প্রেসক্লাব আমার ছাত্র জীবন থেকে সেকেন্ড হোম। এখানে ডালপুরি খেয়ে হরতালের কর্মসূচি বাস্তবায়ন করতাম।’

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রবেশের আগে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করবেন জানিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, দুর্ভাগ্য কী সৌভাগ্য আমি জানি না, দায়িত্ব নিয়ে আমাকে আসতে হবে বা আপনাদের সঙ্গে কাজ করতে হবে। এখন একটা দায়-দায়িত্বের মধ্যে আমি যুক্ত হয়েছি। আমি খুব ভালো করেই জানি যে, সাংবাদিকদের সমস্যার সমাধান না হলে গণমাধ্যমের সমস্যার সমাধান করা যাবে না। আমাদের নেতা তারেক রহমানের যে পরিকল্পনা, সেখানে গণমাধ্যমের যে স্বাধীনতার কথা আছে, সেই আলোকে আমরা কর্ম পরিকল্পনা উপস্থাপন ও বাস্বায়ন করব।

দুপুর ১টায় প্রেসক্লাবে পৌঁছালে তথ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ সময় তাদের স্বাগত জানান প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ।

এ সময় বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী, সহসভাপতি কেএম মহসিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, সহসভাপতি বাছির জামাল, জাতীয় প্রেসক্লাবের সদস্য কাজী রওনাক হোসেন, বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন।

 
ইত্তেফাক/এমএস