দায়ের কোপে আহত চার
রামগড় (খাগড়াছড়ি) সংবাদদাতা
রামগড় পৌরসভার পাশাপাশি দুই এলাকা পূর্ব চৌধুরীপাড়া ও কালাডেবায় শনিবার গভীর রাতে দুটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা দুটি বাড়ি থেকে নগদ ১ লাখ ৬৫ হাজার টাকা ও প্রায় পাঁচ ভরি ওজনের স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। ডাকাতদের দায়ের কোপে একই পরিবারের চারজন আহত হয়েছেন।
পুলিশ ও ডাকাতির শিকার পরিবারের সদস্যরা জানান, শনিবার আনুমানিক আড়াইটার দিকে পূর্ব চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা মফিজুর রহমানের বাড়িতে হানা দেয় ডাকাত দল। এ সময় গৃহকর্তার দুই ছেলে বেলাল হোসেন (৩০) ও ইমাম হোসেন (১৭) ঘুম থেকে জেগে ডাকাতদের দেখে চিত্কার শুরু করলে পাশের রুম থেকে বাবা ও মা ছুটে আসে। এ সময় গৃহকর্তা মফিজ ও বড়ো ছেলে বেলাল একজন ডাকাতকে জাপটে ধরে ফেললে অন্যরা এসে ঘরের সবাইকে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। একপর্যায়ে ডাকাতরা টাকা-পয়সা নিয়ে পালিয়ে যায়। ডাকাতদের দায়ের কোপে আহত মফিজুর রহমান (৫০), স্ত্রী হোসনে আরা বেগম (৪৮) ও দুই ছেলেকে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত অবস্থায় গৃহকর্তা মফিজুর রহমানকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, একই রাতে পূর্ব চৌধুরীপাড়ার অদূরে কালাডেবায় সিরাজ কোম্পানির বাড়িতেও ডাকাতি হয়। গৃহকর্ত্রী রহিমা বেগম (৪৫) জানান, শনিবার রাতে তারা কেউই ঘরে ছিলেন না। ডাকাত দল ৩৫ হাজার টাকা, প্রায় পাঁচ ভরি স্বর্ণালঙ্কার, জমিজমার দলিলপত্র প্রভৃতি লুটে নিয়ে যায়। রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মো. আব্দুল হান্নান জানান, ডাকাতদের ধরতে রাত থেকেই পুলিশ অভিযান শুরু করেছে। তিনি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ছয় জনকে আটক করা হয়েছে।
