সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
সৈয়দপুরে ডেঙ্গু রোগের জীবাণু এনএস-১ সনাক্ত পরীক্ষায় অতিরিক্ত ফি নেওয়ায় একটি ল্যাবের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাতে শহরের তুলশিরাম সড়কের পপুলার ল্যাবের ঐ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার। উপজেলার বাঙালিপুর ইউনিয়নের চৌমহনী এলাকার আবুল কালামের ছেলে মেহেদী হাসান (১৮)। এইচএসসি পরীক্ষার পর গত ১০ জুলাই কাজের সন্ধানে ঢাকায় যায়। রাজধানীর মিরপুরে একটি কোম্পানিতে কাজ করতে গিয়ে জ্বরে আক্রান্ত হয়। সে জ্বর নিয়ে বাড়িতে আসে এবং ডাক্তারের শরণাপন্ন হয়। ডাক্তার পরীক্ষার জন্য ঐ ল্যাবে পাঠালে সরকার নির্ধারিত ৫০০ টাকার স্থলে ১ হাজার ২০০ টাকা নেয়।
ঘটনাটি জানতে পেরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিযান চালিয়ে সত্যতা পান। এতে ল্যাব কর্তৃপক্ষ অতিরিক্ত টাকা ফেরত দেন। কিন্তু এমন অপরাধের জন্য ভ্রাম্যমাণ আদালতের বিচারক ল্যাব কর্তৃপক্ষকে ১১ হাজার টাকা জরিমানা করেন। টেস্টে মেহেদী হাসান ডেঙ্গুতে আক্রান্ত বলে নিশ্চিত করেছেন ডা. শেখ নজরুল ইসলাম।
