চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ২১:২০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় মোজাম্মেল হক কালু মেম্বার নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। রবিবার চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত আলী আসামির উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডিত ব্যক্তি জেলার সদর উপজেলার বাররশিয়া গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

মামলার বরাত দিয়ে সরকারি আইনজীবী (অতিরিক্ত পিপি) আঞ্জুমান আরা জানান, ২০১৭ সালের ২০ অক্টোবর ভোর ৫টায় র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি টহল দল মাদকদ্রব্য উদ্ধার অভিযানে বের হয়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর উপজেলার বাররশিয়া গ্রামের মোজাম্মেল হক কালুর বাড়িতে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মোজাম্মেল হক কালুকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক বাড়ি থেকে এক কেজি ৫৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ব্যাপারে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের তত্কালীন এসআই মাজেদ আলী বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।