ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
ভাণ্ডারিয়ায় শনিবার রাতে মিরাজ (২৫) নামের এক পলিথিন ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. তৌহিদুল ইসলাম এ জরিমানা করেন। পরে জব্ধকৃত নিষিদ্ধ পলিথিন স্থানীয় লঞ্চঘাট সংলগ্ন নদীর কিনারে আগুনে পুড়িয়ে ফেলা হয়।
জানা গেছে, ভাণ্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মিজানের নেতৃত্বে শনিবার রাতে ভাণ্ডারিয়া-রাজাপুর বর্ডারের বটতলা নামক স্থানে নিয়মিত টহল চলছিল। এ সময় রাজাপুরের কেওতা গ্রামের মিজানুর রহমান বরিশাল থেকে একটি ইজিবাইকে প্রায় লাখ টাকার নিষিদ্ধ পলিথিন ভাণ্ডারিয়া বাজারে বিক্রির জন্য আসার পথে পুলিশের সন্দেহ হয়। তারা ইজিবাইক চালককে থামতে বললে চালক না থামিয়ে দ্রুত স্থান ত্যাগে বিষয়টি সন্দেহ হয় পুলিশের। পরে তারা পিছু নিয়ে ভূমি অফিস সংলগ্ন বাজারের দশআনি পুকুর পাড়ে এসে আটক করলে ইজিবাইকের ভেতরে ৯টি বস্তা ভর্তি পলিথিন দেখতে পেয়ে এসিল্যান্ডকে (উপজেলা সহকারী কমিশনার ভূমি) খবর দেন। উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. তৌহিদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
