ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রীর

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৯

ফরিদপুরের ভাঙ্গায় হাইওয়ে এক্সপ্রেসওয়ের পাশ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর লাশের পরিচয় মিলেছে। নিহত নারী আওয়ামী লীগের নেত্রী হাসিনা পারভীন মিনু (৪৬) বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করে ভাঙ্গা থানা পুলিশ। পরে ময়নাতদন্ত ও পরিচয় শনাক্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে পুলিশ তার পরিচয় নিশ্চিত করে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মিনুর বাড়ি ঢাকার শাজাহানপুরের শান্তিবাগ বাজার এলাকায়। তিনি মহিউদ্দিন আহমেদ ও হোসনে আরা বেগমের মেয়ে। এছাড়া নারায়ণগঞ্জ ও কুমিল্লায়ও তাদের বাড়ি রয়েছে।

ভাঙ্গা থানার উপ-পরিদর্শক মো. মোশারফ হোসেন জানান, বুধবার সকালে প্রায় ৪০ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে পরিবারের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে।

তিনি আরও জানান, পরিবারের সদস্যরা জানিয়েছেন, মিনু আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাসা থেকে বের হওয়ার পর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

পুলিশ বলছে, ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের কারণ ও সংশ্লিষ্টদের শনাক্ত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

 

ইত্তেফাক/এএইচপি