ইরানকে একের পর এক হুঁশিয়ার বার্তা দিয়েই যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি ইরানকে ১০ দিন সময় বেঁধে দিয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) গাজার বোর্ড অব পিসের এক সম্মেলনে ট্রাম্প এই বার্তা দিয়েছেন।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ১০ দিনের মধ্যে ইরান চুক্তি সম্পন্ন না করলে দেশটিতে হামলা চালাবে যুক্তরাষ্ট্র।
প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি জোরদার করেই যাচ্ছে মার্কিন বাহিনী। ট্রাম্পের নির্দেশে মধ্যপ্রাচ্যে হাজার হাজার সেনা পাঠানো হচ্ছে। সেইসঙ্গে নতুন করে যুদ্ধ জাহাজ ও যুদ্ধাস্ত্র পাঠানো হয়েছে।
মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, আগামী শনিবারের মধ্যে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে পারে। এমন রিপোর্ট প্রকাশে আসার পরেই তেহরানকে ১০ দিন সময় দিলেন ট্রাম্প।
নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা বলেছেন, ইরানে যদি হামলা চালানো হয়, সেটি কীভাবে চালানো হবে সেই ইঙ্গিত দেননি ট্রাম্প।
অন্যদিকে ইরানও পাল্টা হুমকি দিয়েছে। তেহরান জানিয়েছে, ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি এবং অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা হবে।
আল জাজিরা বলছে, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ট্রাম্পের মূল মাথাব্যথা। মার্কিন প্রেসিডেন্ট বারবার বলেছেন, তেহরানকে পরমাণু কর্মসূচি বন্ধ করতে হবে, ইউরেনিয়ামও সমৃদ্ধ করতে দেওয়া হবে না।

‘ট্রাম্পের প্রস্তাবে রাজি হবে না ইরান’, যুদ্ধ অনিবার্য? 