জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে গতকাল বুধবার তার কার্যালয়ে ইতালির বিদায়ী রাষ্ট্রদূত মি. মারিও পালমা সাক্ষাত্ করেছেন। সাক্ষাত্কালে তারা বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন, বিনিয়োগ, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিয়ে আলোচনা করেন বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এসময় স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে চলেছে বাংলাদেশ। ইতোমধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশ করেছে। ২০২৪ সালের মধ্যে উন্নয়নশীল দেশে পরিণত হবে। ২০৪১ সালের মধ্যে ক্ষুধা, দারিদ্র্য ও বৈষম্যমুক্ত উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। শিরীন শারমিন আরও বলেন, বর্তমান সরকার বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য সারাদেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করেছে। এসব বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ইতালির বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানান তিনি।
