বিপিএলের নতুন শুরুর পরিকল্পনা

আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ২১:২২

সাকিব-তামিম-মুশফিকদের চুক্তির বৈধতা নেই

 স্পোর্টস রিপোর্টার

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ছেড়ে তামিম ইকবাল খুলনা টাইটান্সে, চিটাগং ভাইকিংস ছেড়ে মুশফিকুর রহীম কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন। খবরগুলো আগেই চাউর হয়েছিল। কিন্তু গত ৩১ জুলাই সাকিব আল হাসান রংপুর রাইডার্সের সঙ্গে চুক্তি করার পরই নড়েচড়ে বসেছে বিসিবি। গত দুই দিন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর নিয়ে মিটিং করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

শনিবারই অনেকটা আভাস মিলেছিল। গতকাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে নিলাম কমিশনার ও বিসিবি পরিচালক মাহবুব আনাম জানালেন বিস্তারিত।

মিরপুর স্টেডিয়ামে গতকাল বিকালে হওয়া সংবাদ সম্মেলনে মাহবুব আনামের দেওয়া তথ্য মতে, সপ্তম আসর থেকে নতুন করে শুরু হবে বিপিএল। দলগুলোর সঙ্গে বিসিবির ছয় মৌসুমের একটি পর্বের চুক্তি শেষ হয়েছে। নতুন করে চুক্তি হবে চার মৌসুমের জন্য। নতুন চুক্তি হওয়ার আগে বিপিএলে এখন কার্যত কোনো দল নেই। চলতি মাসের মধ্যেই নতুন চুক্তির পর্ব শেষ হবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলগুলোকে নতুন চুক্তির আমন্ত্রণ জানিয়ে চিঠি দিবে বিপিএল গভর্নিং কাউন্সিল।

চুক্তির মেয়াদ শেষ, নতুন চুক্তি হয়নি বলে এই মধ্যবর্তী সময়ে দলগুলোর কোনো কার্যক্রমই গ্রহণযোগ্য নয়। এসব কাজের কোনো স্বীকৃতি দিচ্ছে না বিসিবি। যার ফলে রংপুরের সঙ্গে সাকিবের, খুলনার সঙ্গে তামিমের, কুমিল্লার সঙ্গে মুশফিকের চুক্তি আমলে নিতে রাজি নয় বিসিবি এবং এসব চুক্তির বৈধতা নেই বলেই জানিয়েছেন মাহবুব আনাম। তিনি জানিয়েছেন, নতুন চুক্তির পরই আইকনসহ ক্রিকেটারদের বণ্টন তথা প্লেয়ার্স ড্রাফটসহ বাকি সব বিষয় ঠিক হবে। আপাতত কোনো কিছুই চূড়ান্ত নয়।

চিটাগং ভাইকিংসের মালিকানায় থাকা ডিবিএল গ্রুপ সপ্তম আসরে দল গড়বে না বলে লিখিত চিঠি দিয়েছে বিসিবিকে। ইতিমধ্যে চট্টগ্রাম বিভাগের দল ও নতুন আরেকটি দল সংযোজনের জন্য দরপত্র চেয়ে বিজ্ঞাপন দিয়েছে বিসিবি।

গতকাল মাহবুব আনাম বলেছেন, ‘বিপিএলের ৩.১ ধারা অনুযায়ী ছয় মৌসুম পর চুক্তি নবায়ন করতে হবে। এবার চার মৌসুমের (৭ম, ৮ম, ৯ম, ১০ম) জন্য চুক্তি হবে।’ সপ্তম আসর থেকে নতুন শুরু পাবে বিপিএল। বিসিবির এই পরিচালক বলেছেন, ‘নতুন চুক্তির পর নতুনভাবে শুরু হবে। লেভেল প্লেয়িং ফিল্ড হবে সবার জন্য। সবকিছু নতুন করে শুরু হবে। বিসিবি ও দলগুলোর মধ্যে নতুন চুক্তি হবে।’

রংপুর রাইডার্সের সঙ্গে সাকিবের চুক্তিকে আমলে নিতে চায় না বিসিবি। মাহবুব আনাম বলেছেন, ‘এটার সঙ্গে আমাদের বিসিবি, বিপিএল গভর্নিং কাউন্সিলের কোনো সম্পর্ক নেই। এটাকে স্বীকৃতি দেওয়ার কিছু নেই।’ দলগুলো নতুন চুক্তি সম্পর্কে অবগত ছিল কি না এবং সাকিব-তামিমদের চুক্তিটা অপেশাদার হয়েছে কি না জানতে চাইলে মাহবুব আনাম বলেছেন, ‘যারা করেছেন তারা যদি নিজেদের অবস্থান না জানেন, তাহলে আমাদের কিছু করার নেই। এসবের বৈধতা নেই।’

ক্রিকেটারদের বিভিন্ন দলে যাওয়ার বিষয়, টুর্নামেন্টের নিয়ম সবই ঠিক হবে নতুন চুক্তির পর। বিসিবির এই পরিচালক বলেছেন, ‘চুক্তির পর নতুন নিয়ম হবে। নতুন নিয়মের হিসেবেই সব হবে। এখন রিটেইন, আইকন কিছু নেই।’

বিপিএল

সংক্ষিপ্ত

n    ১. দলগুলোর সঙ্গে বিসিবির ছয় মৌসুমের চুক্তি শেষ

n    ২. নতুন চুক্তি হবে চার মৌসুমের জন্য

n    ৩. নতুন চুক্তির পরই ক্রিকেটারদের বণ্টনসহ সবকিছু ঠিক হবে

n    ৪. চলতি মাসের মধ্যেই নতুন চুক্তি সম্পন্ন হবে

n    ৫. ক্রিকেটারদের সঙ্গে দলগুলোর অগ্রিম চুক্তি আমলে নিচ্ছে না বিসিবি