কোচিংয়ে বিপ্লব আনছে
দক্ষিণ আফ্রিকা
স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপের ব্যর্থতার পর কোচ ওটিস গিবসনকে চাকরি থেকে অব্যাহতি দিচ্ছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। এর ফলে গুঞ্জন আরো তীব্র হয়েছে। শোনা যাচ্ছে, তিনি এবার বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলের কোচ হবেন।
বিশ্বকাপ জেতানো কোচ ট্রেভর বেইলিস এখনো অবশ্য ইংল্যান্ড দলের সাথেই আছেন। তার দায়িত্ব এখন অ্যাশেজ। যদিও, আগেই বলে দিয়েছেন যে, ফলাফল যাই হোক না কেন ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সাথে চুক্তির মেয়াদ আর বাড়াতে চান না তিনি। তাই, ইসিবি হন্যে হয়ে নতুন কোচ খোঁজার মিশনে নেমেছে।
এমন সময় দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের সাথে ওটিসের সম্পর্ক ছিন্ন হওয়ায় মনে করা হচ্ছে তিনিই হবেন ইংল্যান্ডের নতুন কোচ। গিবসন অবশ্য আগেও ইংল্যান্ডের সাথে কাজ করেছেন। ২০১৭ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার দায়িত্ব নেওয়ার আগে তিনি দুই দফায় ইংল্যান্ডের বোলিং কোচের দায়িত্বে ছিলেন।
বিশ্বকাপে ওটিসের পারফরম্যান্সে সন্তুষ্ট ছিল না সিএসএ। কারণ দল নয়টি ম্যাচের মধ্যে জিতেছে মাত্র তিনটিতে। ৫০ বছর বয়সী গিবসন অবশ্য এখন পর্যন্ত ইসিবির সাথে আলোচনার ব্যাপারে মুখ খোলেননি। তবে জানিয়েছেন যে, বেইলিসের বদলি হওয়ার দৌড়ে থাকতে পেরে আনন্দিত তিনি।
বেইলিস আসছে সেপ্টেম্বরে চাকরি থেকে অব্যাহতি নেবেন। আর কাকতালীয় ভাবে সেই সেপ্টেম্বরেই সিএসএর সাথে চুক্তির মেয়াদ শেষ হবে দক্ষিণ আফ্রিকার। আর মজার ব্যাপার হলো, গিবসন এই ইংল্যান্ডে এর আগে এই বেইলিসের অধীনেই কাজ করেছেন। তবে, ইংল্যান্ডের কোচ হওয়ার জন্য তাকে লড়তে হবে বর্তমানে পাকিস্তানের কোচ হিসেবে দায়িত্ব পালন করা মিকি আর্থারের সাথে।
যদিও, সিএসএ ক্রিকেট কোচিংয়ে নতুন এক বিপ্লব আনার স্বার্থেই ক্যারিবিয়ান কোচ গিবসনকে ছেড়ে দিয়েছে। সংস্থাটি এবার এমন একজন কোচ নিয়োগ দেবে যে কি না নিজেই কোচিং স্টাফ, মেডিক্যাল স্টাফ নিয়োগ দেবেন। এমনকি অধিনায়ক নির্বাচনের দায়িত্বটাও থাকবে কেবল কোচের হাতেই। মানে ক্রিকেট বিশ্ব এবার কোচিংয়ে অনুসরণ করতে চলেছে ফুটবলকে। পদের নামটাও দক্ষিণ আফ্রিকা প্রধান কোচ নয়, বরং ম্যানেজারই বলতে চায়। তার অধীনেই দলের বাকি কোচরা কাজ করবেন।
কোচ শুধু রিপোর্ট করবেন ক্রিকেট ডিরেক্টরের কাছে। সিএসকে জানিয়েছে, ক্রিকেট ডিরেক্টরের পদটা পাচ্ছেন কোরি ভ্যান জিল। নতুন এই কাঠামো স্থাপন করতে এরই মধ্যে টিম ম্যানেজার ড. মোহাম্মদ মুসাজিকেও পদত্যাগ করতে বলা হয়েছে। তার মেয়াদও আসছে সেপ্টেম্বরে শেষ হয়ে যাবে।
সিএসএর প্রধান নির্বাহী কর্মকর্তা থাবাং মোরে বলেন, ‘ক্রিকেট সাউথ আফ্রিকা নতুন একটা কাঠামোর সূচনা করতে যাচ্ছে। আমরা একজন টিম ম্যানেজার নিয়োগ দেব। যে দলের সকল ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত হবেন। তিনি নিজেই কোচিং স্টাফ দলের সদস্য, মেডিক্যাল স্টাফ ও অধিনায়ক নিয়োগ দেবেন। সবাই তার কাছে রিপোর্ট করবে। এই পরিবর্তনটা দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে একটা বৈপ্লবিক যুগের সূচনা করবে।’
তিনি জানান, সিএসএ হুট করে এই সিদ্ধান্ত নেয়নি। বলেন, ‘এটা হঠাত্ করে নেওয়া কোনো সিদ্ধান্ত নয়। এই ইস্যু নিয়ে বোর্ড অনেকদিন ধরে কাজ করছে। আমরা মনে করছি আমাদের ক্রিকেটের এখন যে অবস্থা তাতে এটাকেই সবচেয়ে সঠিক প্রক্রিয়া মনে করছি আমরা।’
