‘পগবার ভবিষ্যত্ ইউনাইটেডেই’ -সোলসার

আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ২১:২৫

স্পোর্টস ডেস্ক

ম্যানচেস্টার ইউনাইটেডে পল পগবার ভবিষ্যত্ নিয়ে কোনো সন্দেহ নেই বলে মনে করেন ক্লাবটির কোচ ওলে গুনার সোলসার। কার্ডিফে মৌসুম পূর্ব ম্যাচে টাইব্রেকারে এসি মিলানকে হারানোর পর ইউনাইটেড স্কোয়াডে আর দেখা যায়নি বিশ্বকাপ শিরোপা জয়ী ফরাসি তারকা পল পগবাকে। তবে এই তারকা খেলোয়াড় পিঠের ব্যথার কারণে অনুপস্থিত রয়েছেন বলে জানিয়েছেন সোলসার।

পগবা ইউনাইটেডে থাকছেন কি না প্রশ্ন করা হলে জবাবে নরওয়েজিয়ান এই কোচ বলেন, ‘এ বিষয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। কার্ডিফমুখী বিমানযাত্রায় আমি তাকে দলে পাবার আশা করিনি। অনুশীলনের পর আমি তার সঙ্গে কথা বলেছি এবং সে সুস্থতা বোধ করছে না বলে জানিয়েছে।’

 তবে আগামী সপ্তাহেই তাকে ফিরে পাবার আশাবাদ ব্যক্ত করেন সোলসার, ‘আগামী সপ্তাহে অনুশীলনের শুরুতেই তাকে দলে ফিরে পাব বলে আশা করছি। এটি ইনজুরি নয়। সে পিঠে সামান্য ব্যথা অনুভব করছে। তাই তাকে নিয়ে এই মুহূর্তে আমরা কোনো ঝুঁকি নিতে চাই না। আগামী সপ্তাহে চেলসির বিপক্ষে ম্যাচের আগেই আশা করছি সে সুস্থ হয়ে যাবে।’

গত জুনে একটি মন্তব্যের কারণে ইউনাইটেডে পগবার ভবিষ্যত্ নিয়ে সন্দেহ দেখা দেয়। এ সময় তিনি বলেছিলেন, ‘অন্য কোথাও নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে পারলে ভালো একটি সময় কাটানো যেত।’

ইংলিশ ডিফেন্ডার হ্যারি ম্যাগওয়াইয়ারকে ৮০ মিলিয়ন পাউন্ডে লিস্টার থেকে দলভুক্তির ঘোষণা দিয়ে বক্তব্যের ইতি টানেন ইউনাইটেড বস। তিনি বলেন, ‘আশাকরি যথাসময়ে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে। অচিরেই এ বিষয়ে আমরা আনুষ্ঠানিক ঘোষণা দেব।’ বাসস