রাজবাড়ীর গোয়ালন্দে আওয়ামী লীগ কার্যালয় ‘পুনরুদ্ধারের ব্যানার’

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:২৮

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা কার্যালয়ে ‘পুনরুদ্ধারের ব্যানার’ টানানো হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে গোয়ালন্দ বাজার প্রধান সড়কসংলগ্ন দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মো. আশরাফুল ইসলামের নামে যুবলীগের কয়েকজন কর্মী ব্যানারটি টানান। 

ব্যানারের ডান পাশে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিপরীত পাশে শেখ মুজিবুর রহমানসহ কয়েকজনের ছবি আছে। ব্যানারে লেখা ‘গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের কার্যালয় পূর্ণ উদ্ধার (পুনরুদ্ধার) করা হলো’। নিচে আশরাফুল ইসলামের নাম ও দলীয় পরিচয় লেখা আছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যানার টানানোর ১ মিনিট ১২ সেকেন্ড ও ২৮ সেকেন্ডের দুটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দুজন তরুণকে কার্যালয়ের ভেতর শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি দেয়ালে টানাতে দেখা যায়। কার্যালয়ের বাইরে একটি ব্যানার টানানো হয়েছে। তরুণদের একজনের নাম শেখ সুরুজ। তিনি পৌর যুবলীগের কর্মী।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোমিনুল ইসলাম বলেন, ‘সকাল সাতটার দিকে খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থলে যাই। এ সময় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ও ভেতরে কোনো ব্যানার বা ছবি পাইনি। এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।’

ইত্তেফাক/এমএএস