হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ইসির আবেদনের শুনানি নিয়মিত বেঞ্চে

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ০০:৩৮

ঢাকা-৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের মনোনয়নপত্র যাচাই-বাছাই সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) আবেদনের শুনানি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে অনুষ্ঠিত হবে। আবেদনটি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য গতকাল বুধবার এ আদেশ দেন আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আজ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগে এ শুনানি হবে।

মঙ্গলবার হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ নির্বাচন কমিশনে (ইসি) থাকা মির্জা আব্বাসের মনোনয়নপত্র ঢাকার রিটার্নিং অফিসারের কাছে পাঠিয়ে ২৪ ঘণ্টার মধ্যে যাচাই-বাছাই সম্পন্ন করতে নির্দেশ দেয়। এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে ইসি। আবেদনের পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও আব্বাসের পক্ষে আইনজীবী জয়নুল আবেদীন ও একেএম এহসানুর রহমান উপস্থিত ছিলেন।

গত ২৮ নভেম্বর ঢাকা-৯ আসনে মনোনয়নপত্র জমা দিতে পারেননি মির্জা আব্বাস। বিলম্বে দাখিলের অজুহাতে রিটার্নিং অফিসার সেদিন মনোনয়নপত্র জমা নেয়নি বলে অভিযোগ করেন তিনি। পরে পহেলা ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার বরাবর ওই মনোনয়নপত্র জমা দেন। কিন্তু নির্বাচন কমিশন মনোনয়নপত্র রিটার্নিং অফিসারের কাছে না পাঠিয়ে কমিশনে রেখে দেয়। এই অভিযোগে হাইকোর্টে রিট করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।