বর্তমান সরকারের নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর বিসিবির সর্বশেষ নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল বলে মন্তব্য করেছেন তিনি।
এমনকি দায়িত্ব গ্রহণের আগেও ওই বিষয়ে সরব ছিলেন আমিনুল। তবে প্রতিমন্ত্রী হওয়ার আগে এবং পরের বাস্তবতা না মেলাতে আমিনুলের প্রতি আহ্বান জানিয়েছেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম।
গণমাধ্যমকে বিসিবির এই পরিচালক বলেন, ‘আমার মনে হয় উনি (আমিনুল) আগে বলেছেন, এখন মনে হয় একই কথা বলেননি। কারণ সরকারে থাকার আগে এবং পরের কথায় ভিন্নতা থাকে। আগে হয়তো যেভাবে বলেছেন এখন সেভাবে বলছেন না। এই বিষয়ে আমার বলার কিছু নেই। দায়িত্বের জায়গা থেকে দায়িত্ব নিয়ে কথা বললে ভালো হয়।’
নিজেদের কাজ নিয়ে নাজমুল বলেন, ‘আগে যেভাবে কাজ করছিলাম, এখনও সেভাবেই কাজ করছি। আমরা একটা নির্বাচিত বোর্ড, যে সরকার এসেছে সেটাও নির্বাচিত। সবাই সবার নর্মস (নিয়ম) অনুযায়ী চলে। আমরাও আমাদের নিয়ম অনুযায়ী চলব। সরকার বিবেচনা করবে কীভাবে কী চলবে। আমরা এখনও সেভাবেই কাজ করছি।’
আদালতে বিসিবির নির্বাচন সংশ্লিষ্ট মামলার ব্যাপারে তিনি বলেন, ‘যারা বলছে তারা বলছে। তাদের কথা তো আটকে রাখতে পারবো না। মামলা নিয়ে আমাদের কোনো ধরনের মন্তব্য নেই। কোর্টের কিছু থাকলে তা নিয়ে কথা বলা সাবজুডিস (বিচারাধীন), আমি এ ব্যাপারে কথা বলতে রাজি না।’

