উয়েফা চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদ-বেনফিকার ম্যাচটি মাঠের লড়াই ছাপিয়ে বড় এক বিতর্কে রূপ নিয়েছে। লিসবনের এস্তাদিও দা লুজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে রিয়াল তারকা ভিনিসিয়ুস জুনিয়রের প্রতি করা আপত্তিকর মন্তব্যকে ঘিরে তৈরি হয়েছে নতুন মোড়।
প্রাথমিকভাবে বর্ণবাদের অভিযোগ উঠলেও বেনফিকার আর্জেন্টাইন উইঙ্গার জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি উয়েফার তদন্তে স্বীকার করেছেন, তিনি রিয়ালের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে বর্ণবাদী নয়, বরং সমকামীবিদ্বেষী অপমানজনক শব্দ বলেছিলেন।
ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে ভিনিসিয়সের গোলের পরই এই ঘটনার সূত্রপাত। গোল উদযাপনের সময় তার আচরণে ক্ষুব্ধ হয়ে পড়েন বেনফিকার কয়েক জন খেলোয়াড়। এর পর পরই মধ্যমাঠের কাছে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তপ্ত বাগবিতণ্ডা হয়।
ভিনিসিয়ুস অভিযোগ করেন, প্রেস্টিয়ান্নি তাকে অপমানজনক কিছু বলেছেন। বিষয়টি রেফারিকে জানানো হলে উয়েফার বর্ণবাদবিরোধী প্রোটোকল চালু হয় এবং প্রায় ১০ মিনিট খেলা বন্ধ থাকে। ভিডিও ফুটেজেও দেখা গেছে, তিনি প্রকাশ্যেই ঐ মন্তব্য করেন।
এ দিকে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, তারা ঘটনার সব প্রমাণ উয়েফার কাছে জমা দিয়েছে এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করছে। ভিনিসিয়ুসের সতীর্থ কিলিয়ান এমবাপ্পে দৃঢ়ভাবে দাবি করেছেন যে, তিনি প্রেস্টিয়ান্নিকে বর্ণবাদী অপমানজনক শব্দ 'পাঁচ বার' বলতে শুনেছেন।

