‘প্রশিক্ষণ দিয়ে দক্ষ কর্মী বিদেশে প্রেরণ করলে দেশের লাভ’

আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ২১:৩৩

ইত্তেফাক রিপোর্ট

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে দক্ষ কর্মী বিদেশে প্রেরণ করতে পারলে দেশের লাভ হবে। দক্ষ কর্মী তৈরিতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে মানসম্মত ও যুগোপযোগী প্রশিক্ষণ দিতে হবে। প্রয়োজনে প্রশিক্ষণের মেয়াদ বাড়াতে হবে এবং আন্তর্জাতিক শ্রম চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ কোর্স চালু করতে হবে। গতকাল রবিবার প্রবাসী কল্যাণ ভবনে মন্ত্রণালয়ের আওতাধীন মাঠপর্যায়ের দপ্তর প্রধানদের অংশগ্রহণে এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, নিরাপদ, নিয়মিত ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করতে দেশব্যাপী ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মন্ত্রণালয় ইতিমধ্যে অনেকগুলো কর্মসূচি হাতে নিয়েছে। শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।

মন্ত্রণালয়ের সচিব রৌনক জাহান বলেন, বৈধ উপায়ে অধিকসংখ্যক দক্ষ কর্মী বিদেশে প্রেরণ করতে পারলে ২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত দেশের মর্যাদায় উন্নীত হবে। রৌনক জাহানের সভাপতিত্বে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস, বিএমইটির মহাপরিচালক সেলিম রেজা, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজীবুল ইসলাম, যুগ্মসচিব জাহাঙ্গীর আলম, বিভিন্ন টিটিসির অধ্যক্ষগণ এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের (ডিইএমও) প্রধানগণ কর্মশালায় বক্তৃতা করেন।

দিনব্যাপী এ কর্মশালায় দেশের ৭০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এবং বিভাগীয়/ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের প্রধানরা উপস্থিত ছিলেন।