শ্রমজীবী মানুষের কাছে প্রকল্পের ন্যায্যভাগ পৌঁছে দিতে চায় সরকার: জোনায়েদ সাকি

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৩৩

সরকারি প্রকল্পের সুফল দেশের সব মানুষের মধ্যে, বিশেষ করে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁও এলাকায় অবস্থিত পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন প্রকল্পের ন্যায্য অংশ যেন প্রকৃত শ্রমজীবী মানুষের কাছে পৌঁছায় সে বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে দেখছে। যারা বাস্তবে সম্পদ সৃষ্টি করেন তাদের প্রাপ্য নিশ্চিত করা জরুরি।

তিনি আরও বলেন, গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশের মানুষের মধ্যে বৈষম্যহীন রাষ্ট্র গড়ার যে প্রত্যাশা তৈরি হয়েছে সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করবে সরকার। সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করা গেলে দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি আরও ত্বরান্বিত হবে বলেও মন্তব্য করেন তিনি।

উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখার বিষয়ে সাকি বলেন, বর্তমান সরকারের লক্ষ্য কোনো কাজ থামিয়ে দেওয়া বা গতিহীন করা নয়। চলমান প্রকল্পগুলো পর্যালোচনা করে প্রয়োজন অনুযায়ী সংশোধন করা হবে, তবে কোনো অবস্থাতেই উন্নয়ন কর্মকাণ্ড স্থবির হতে দেওয়া হবে না।

পরিকল্পনা মন্ত্রণালয়কে সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি উল্লেখ করে তিনি বলেন, সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনীতি, শাসনব্যবস্থা এবং মানুষের জীবনমানের ইতিবাচক পরিবর্তন সম্ভব।

ভবিষ্যৎ প্রকল্প গ্রহণের ক্ষেত্রেও মানুষের শিক্ষা, দক্ষতা ও মানবিক উন্নয়নের বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান তিনি। একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়াই সরকারের লক্ষ্য বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

এ সময় পরিকল্পনা বিভাগের সচিব এস এম শাকিল আখতারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এসজেএস