পশুবাহী ট্রাক নির্বিঘ্নে চলাচল ও ফিটনেসবিহীন গাড়ি বের না করার আহ্বান

আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ২১:৩৩

ইত্তেফাক রিপোর্ট

পশুবাহী ট্রাক নির্বিঘ্নে চলাচল ও ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় বের না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি। গতকাল রবিবার দুপুরে সমিতির রাজধানীর (তেজগাঁও ট্রাক টার্মিনাল) কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি বৈঠকে এ আহ্বান জানানো হয়।

এ ব্যাপারে সমিতির সাধারণ সম্পাদক মো. রুস্তম আলী খান জানান, সভায় নেতৃবৃন্দ ঈদুল আজহায় যাত্রীবাহী বাস ও পশুবাহী ট্রাককে অগ্রাধিকার ভিত্তিতে চলাচল করার জন্য পণ্য পরিবহন মালিক ও শ্রমিকদের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ঘরমুখী মানুষ যেন নিরাপদ ও সুষ্ঠুভাবে ঘরে ফেরতে পারে সে জন্য ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় বের না করারও আহ্বান জানানো হয়। নেতৃবৃন্দ জানিয়েছেন, ঈদুল আজহায় বিশেষ করে মাওয়া-কাওড়াকান্দি এবং দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে অসংখ্য পশুবাহী ট্রাক যানজটের মধ্যে আটকে থাকে। এ অবস্থায় পশুবাহী ট্রাকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে ফেরি পারাপারে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানানো হয়েছে। এছাড়া সড়ক-মহাসড়ক নিরাপত্তার কাজে নিয়োজিত হাইওয়ে ও জেলা পুলিশ পশুবাহী ট্রাকগুলো যেন নিরাপদে নিজ নিজ গন্তব্যে  পৌঁছতে পারে তার ব্যবস্থা করার জন্য আহ্বান জানান।

রুস্তম আলী খান আরো জানান, ঈদে ঘরমুখী মানুষের নির্বিঘ্নে যাতায়াতের জন্য ঈদের তিন দিন আগে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ঔষধ সামগ্রী, চামড়া এবং জ্বালানি বহনকারী যানবাহনসমূহ ব্যতীত অন্যান্য পণ্য পরিবহনের গাড়িগুলো আঞ্চলিক এবং মহাসড়কে না চালানোর জন্য সব পণ্য পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হয়।  সভায় বক্তব্য রাখেন সমিতির সহসভাপতি খবির উদ্দিন আহম্মেদ, যুগ্ম সম্পাদক হোসেন আহম্মেদ মজুমদার, সহ-সাধারণ সম্পাদক ফারুক হোসেন হেলাল, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম খান ভুট্টুসহ অন্য নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন সমিতির কার্যকরী সভাপতি এস এম বখতিয়ার।

 

০