রক্ত কেন্দ্রে হটলাইন নম্বর
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো ও ডেঙ্গু আক্রান্তদের সেবা প্রদানে রাজধানীসহ সারাদেশে কাজ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। রাজধানীসহ বিভিন্ন জেলা শহরেও আবাসস্থল ও কর্মস্থল সকল জায়গায় সচেতনতামূলক লিফলেট বিতরণ ও মাইকিং অব্যাহত রয়েছে। ডেঙ্গু থেকে মুক্তি পেতে দেশের ৬৪ জেলায় প্রচারণামূলক র্যালি, মানববন্ধন, লিফলেট বিতরণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। এছাড়াও ঈদে ঘুরমুখি মানুষের মাঝে ডেঙ্গু রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে কমলাপুর রেলওয়ে স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনালে সচেতনতামূলক লিফলেট বিতরণ করছে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা।
রাজধানীর মোহাম্মদপুর রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের ইনচার্জ ডা. জাহিদুর রহমান বলেন, ডেঙ্গু রোগীদের জরুরি রক্তের প্লাটিলেট সরবরাহের লক্ষ্যে মোহাম্মদপুর রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র ও হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র ২৪ ঘণ্টা খোলা রাখা হয়েছে। চালু করা হয়েছে হটলাইন নম্বর। নিরাপদ রক্ত ও রক্তের প্লাটিলেট এর প্রয়োজনে কল করুন : ০১৮১১৪৫৮৫৩৭, ০২-৯১৩৯৯৪০ এই নম্বরে। —প্রেস বিজ্ঞপ্তি
