বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় ১৬ জেলে নিখোঁজ রয়েছেন। বরগুনার পাথরঘাটা উপজেলার তাফালবাড়ী গ্রামের আনোয়ার হোসেনের মালিকানাধীন এফবি জাকারিয়া নামের মাছ ধরা ওই ট্রলার ঝড়ের কবলে পড়ে ১৭ জন জেলেসহ ডুবে যায়। এ ঘটনায় ১৬ জেলে নিখোঁজ হলেও সাত ঘণ্টা পর এক জেলেকে উদ্ধার করা হয়। শনিবার রাত ৩টার দিকে পাথরঘাটা থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের পূর্বলালবয়া এলাকায় এ ট্রলারডুবির ঘটনা ঘটে। নিখোঁজ জেলেদের বাড়ি নোয়াখালী জেলার বিভিন্ন এলাকায় বলে জানান ট্রলার মালিক আনোয়ার হোসেন।
বরগুনা জেলা মত্স্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, পাথরঘাটা থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে মাছ শিকার করছিল ওই ট্রলারের জেলেরা। এসময় ঝড় শুরু হলে ট্রলারটি ১৭ জেলেসহ ডুবে যায়। পরে আরেকটি ট্রলার নোয়াখালী জেলার মো. ওমর আলীর ছেলে মাহমুদ নামের একজনকে উদ্ধার করে। নিখোঁজদের নাম-পরিচয় জানা যায়নি। নিখোঁজ জেলেদের উদ্ধারে তত্পরতা চলছে বলে জানান তিনি।
