পাকিস্তানি হওয়ায় সিপিএলে কোচের চাকরি পাননি আজহার মেহমুদ

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:১০

শুধুমাত্র পাকিস্তানি হওয়ার কারণে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) কোচিংয়ের সুযোগ হাতছাড়া হয়েছিল আজহার মেহমুদের। সম্প্রতি উইজডেন ক্রিকেট উইকলি পডকাস্টে এমন দাবি করেছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আজহার মেহমুদ। 

প্রায় চার বছর আগে কোভিড মহামারির পর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) চলার সময় সেখানকার একটি ফ্র্যাঞ্চাইজি মেহমুদকে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছিল। তবে শেষ পর্যন্ত আর তাকে নেয়নি। 

পরে মেহমুদ জানতে পারেন, পাকিস্তানি জাতীয়তার কারণে তাকে নেওয়া হয়নি। পাকিস্তানের সাবেক এই পেসার বলেন, ‘আমাকে একটি ফ্র্যাঞ্চাইজিতে কোচিং করার প্রস্তাব দেওয়া হয়েছিল। পরে জানতে পারি, আমি পাকিস্তানি হওয়ার কারণে তারা বলেছে, আমরা দলে কোনো পাকিস্তানি কোচ বা খেলোয়াড় রাখতে পারব না।’

২০১৬ সালে পাকিস্তান জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব পান মেহমুদ। তিন বছর এ দায়িত্বে ছিলেন। ২০২৪ সালে নিউজিল্যান্ড সফরে টি–টোয়েন্টি সিরিজের জন্য তাকে পাকিস্তান দলের প্রধান কোচ করা হয়। গত বছর জেসন গিলেস্পি সরে যাওয়ার পর পাকিস্তান দলের ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্বও পালন করেন। জাতীয় দল ছাড়াও পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজিতেও একাধিকবার বোলিং কোচের দায়িত্বে ছিলেন মেহমুদ।

মেহমুদ বলেন, ‘এটা আমার জন্য আদর্শ পরিস্থিতি নয়। আমি ইংল্যান্ডে স্বীকৃত কোচ। সারে কাউন্টি ক্রিকেটে কোচিং করেছি। এরপর গত দুই বছর পাকিস্তান দলে কাজ করেছি। এই দুই বছর পাকিস্তান সেটআপে থাকার কারণে এখন নতুন দায়িত্ব পাওয়া বেশ কঠিন হয়ে গেছে।’

ফ্র্যাঞ্চাইজি টি–টুয়েন্টি লিগের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন, ‘সবকিছুই এখন আইপিএলের ইকোসিস্টেমের সঙ্গে যুক্ত। চার–পাঁচটি ফ্র্যাঞ্চাইজি লিগ আছে, যেমন এসএ২০, মেজর লিগ ক্রিকেট। আইপিএল বা ভারতীয় মালিকানাধীন দলগুলোতে কোচ হিসেবে সুযোগ পাওয়া আমার জন্য কঠিন। বিষয়টি সহজ নয়। খেলোয়াড়দেরও একই বাস্তবতা।’

ইত্তেফাক/জেডএইচ