স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সম্প্রতি কাওরান বাজারে চাঁদাবাজির কিছু কিছু খবর পাওয়া যাচ্ছে। আমি স্পষ্ট করে বলছি, চাঁদাবাজরা কাওরান বাজার ছেড়ে চলে যান। কাওরান বাজারে আমরা কোনো ধরনের চাঁদাবাজি, মাস্তানি হতে দেব না। গতকাল রবিবার দুপুরে কাওরান বাজারে অনুষ্ঠিত পলিথিনবিরোধী সচেতনতামূলক সভা ও পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কাওরান বাজারে মাস্তানি-চাঁদাবাজি হতে দেওয়া হবে না। যারা চাঁদাবাজি করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে প্রতিমাসে কাওরান বাজারে একটা করে খুন হতো। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তা বন্ধ হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বুড়িগঙ্গা নদীতে ছয় থেকে সাত ফুট শুধু পলিথিনের গার্বেজ। ক্যানসার, কিডনি রোগী কেন বাড়ছে? কারণ, পলিথিন। মাছের ভেতরে পলিথিন ঢুকে গেছে। আমাদের সরকার কঠোর পলিথিনবিরোধী আইন করেছে। কিন্তু কেউ আইন মানি না। এ ব্যাপারে কঠোর হতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ঢাকা শহরের মূল সমস্যা আমরা গার্বেজ অপসারণ করতে পারছি না। ড্রেনগুলো বন্ধ হয়ে যাচ্ছে, পানি নিষ্কাশন করা যাচ্ছে না। এর কারণ পলিথিন। পলিথিন যাতে আমরা ব্যবহার না করি, সে জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
নিখোঁজ সাংবাদিককে খুঁজতে নির্দেশ
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, আপনারা জানেন, মোহনা টিভির একজন সাংবাদিক নিখোঁজ হয়েছেন। আমি অলরেডি সংশ্লিষ্ট অফিসার এবং ওই এলাকার ডিসি মোস্তাক আহমেদকে এ ব্যাপারে জানিয়েছি।
উল্লেখ্য, মুশফিকুর রহমানের পরিবার সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর গুলশান থেকে মুশফিকুর রহমান নিখোঁজ হন। বিকালে তার মামা এজাবুল হকের সঙ্গে দেখা করতে গুলশান যান মুশফিক। পরে এজাবুল হক গুলশান থানায় একটি ডায়েরি করেন।
