মাদারীপুরে ফের দুপক্ষের সংঘর্ষ: একের পর এক ককটেল বিস্ফোরণে ছড়ালো আতঙ্ক

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:০০

মাদারীপুর শহরে আবারও ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে পূর্ব আমিরাবাদ এলাকায় এক চালককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব আমিরাবাদ এলাকার বাসিন্দা সোনালী পরিবহনের ড্রাইভার কাওসার হোসেনসহ তার স্ত্রীকে ডিসি ব্রিজ এলাকার কয়েকজন যুবক মারধর করে। এ ঘটনাকে কেন্দ্র করে রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত ডিসি ব্রিজ, কলেজ রোড ও পূর্ব আমিরাবাদসহ আশপাশের এলাকায় কিশোর ও যুবকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষ চলাকালে আমিরাবাদ এলাকায় অন্তত ১০টি ককটেলের বিস্ফোরণ ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন। বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার শঙ্কায় আমিরাবাদ এলাকাবাসীরা ঘর থেকে বের হননি। অনেক ব্যবসায়ী দ্রুত দোকানপাট বন্ধ করে দেন। খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।  এসময় সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনী কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মাদারীপুর সদর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, সোমবার রাতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে যৌথ বাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে। তবে রাজনৈতিক নেতৃবৃন্দ এগিয়ে আসলে এই কিশোর গ্যাংদের নিয়ন্ত্রণ করা সহজ হবে।

উল্লেখ্য, সম্প্রতি শহরের বিভিন্ন এলাকায় কয়েকবার সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একের পর এক সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় শহরের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

ইত্তেফাক/এপি